বিদেশগামী নারীদের জন্য তথ্যভান্ডার
বিদেশগামী নারীদের ভোগান্তি কমাতে এবং বিভিন্ন তথ্য-উপাত্ত দিয়ে তাঁদের সহযোগিতার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে নতুন একটি ওয়েবসাইট। ‘অপরাজিতার অভিযাত্রা’ শীর্ষক এই তথ্যভান্ডারে রয়েছে ধারাভাষ্য, চলচ্চিত্র, ছবি ও বিভিন্ন সমস্যা-সংক্রান্ত লেখা ও টিপস। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং স্পেনের ওয়ার্ডফোর্জ ফাউন্ডেশনের সহযোগিতায় ও স্পেনভিত্তিক দাতা সংগঠন স্প্যানিশ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (এইসিআডি) আর্থিক সহযোগিতায় তথ্যভান্ডারটি তৈরি করা হয়েছে।গত শুক্রবার এই তথ্যভান্ডার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ‘আইসিটির মাধ্যমে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় তৈরি এ তথ্যভান্ডারটি ডিভিডি এবং বিএমইটির প্রাতিষ্ঠানিক সাইটেও প্রকাশ করা হয়েছে।ওয়েবসাইটে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত, বিদেশ যাওয়ার জন্য করণীয় ও বিদেশ যাওয়ার পরে করণীয় ইত্যাদি বিষয়ে নানা তথ্য দেওয়া হয়েছে। প্রতিটিতে ক্লিক করলে পাওয়া যাবে বিস্তারিত তথ্য।নিরাপদে, বৈধ উপায়ে ও কম খরচে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে হবে কীভাবে, এর নির্দেশনাও দেওয়া হয়েছে এই সাইটে। এ ছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর আইন, সুবিধা-অসুবিধা, অধিকার—এসব বিষয়ও তুলে ধরা হয়েছে। বিদেশে নারী কর্মীরা যাতে প্রতারণার শিকার না হন, যাতে স্বচ্ছন্দ ও নিরাপদ হয় তাঁদের প্রবাসজীবন, সেই লক্ষ্যে এই তথ্যভান্ডারকে সাজানো হয়েছে। সাইটের ঠিকানা:http://www.abolombon.org/aparajita/নিজস্ব প্রতিবেদক