বিদেশি চিকিৎসকের সেবায় মুগ্ধ শিশুরা
কক্সবাজারের রামু উপজেলার দুর্গম পাহাড়ি গ্রাম গর্জনিয়ার দিনমজুর করিম উল্লাহর সাত মাস বয়সী ছেলে সোহেলের কয়েকদিন ধরে সর্দি-কাশি-জ্বর। দুধ খাওয়া বন্ধ করে প্রায় সময় ছেলেটি কান্নাকাটি করে। টাকার অভাবে ২৪ কিলোমিটার দূরের কক্সবাজার সদর হাসপাতালে আনাও সম্ভব হচ্ছে না। ১০ ডিসেম্বর সকাল ১০টায় সোহেলকে কোলে নিয়ে কক্সবাজার মা ও শিশু হাসপাতালে ছুটে আসেন মা সখিনা খাতুন (৩২)। লাইনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে থেকে আমেরিকা থেকে আসা চিকিৎসককে দেখিয়ে দুপুরে তিনি ছেলেকে নিয়ে খুশি মনে বাড়ি ফেরেন। সখিনা খাতুন জানান, ‘গর্জনিয়া থেকে কক্সবাজার গিয়ে চিকিৎসা করার মতো টাকা আমার ছিল না। প্রতিবেশী একজনের কাছ থেকে এ হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার খবর পেয়ে ছুটে এলাম। বিদেশি চিকিৎসকেরা ছেলেটাকে যত্নের সঙ্গে সেবা দেন। বিনা মূল্যে ওষুধও সরবরাহ করা হয়। এবার আমার ছেলে অবশ্যই ভালো হবে।’ সখিনার মতো দুর্গম গ্রামাঞ্চল থেকে আসা দুহাজার নারী ও শিশু বিনা মূল্যে বিদেশি চিকিৎসকদলের সেবা পেয়ে মহা খুশি। গত বৃহস্পতি, শুক্র ও শনিবার (তিন দিন) এ হাসপাতালে দুহাজার ১১৯ নারী শিশুকে সেবা দেওয়া হয়। আমেরিকার নোভা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে বিনা মূল্যে এ চিকিৎসাসেবার আয়োজন করা হয়। গ্রামাঞ্চল ও দুর্গম এলাকার দরিদ্র পরিবারের মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৯৯ সালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে চেইন্দা নামক স্থানে কক্সবাজার মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন আমেরিকা প্রবাসী চিকিৎসক ও রামুর কৃতী সন্তান ইফতিখার মাহমুদ। প্রথমে হাসপাতালে বহির্বিভাগ (আউটডোর) সেবা চালু করা হলেও ২০০৫ সাল থেকে এটি পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ নেয়। বর্তমানে হাসপাতালে অত্যাধুনিক অস্ত্রোপচার কক্ষ (অপারেশন থিয়েটার), রোগনিরূপণকেন্দ্র (প্যাথলজি সেন্টার), এক্স-রে যন্ত্র, বাত-ব্যথার চিকিৎসা, শিশুর জন্য ইনকিউবেটর ও ফটোথেরাপিসহ নানা চিকিৎসা-সরঞ্জাম স্থাপন করা হয়েছে। ইফতিখারের নেতৃত্বে বিদেশি এ চিকিৎসক দল কক্সবাজারে সেবা দিতে আসেন। তিন দিনের চিকিৎসাসেবা কার্যক্রমে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি পাঁচ চিকিৎসক ছাড়াও নোভা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমেরিকার ২১ ছাত্রী এবং ফ্রান্স কেডিএমের বিশেষজ্ঞ চিকিৎসক ফ্রান্ক দরিদ্র নারী ও শিশুদের চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন।মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার মাহমুদ জানান, একজন নারী শুধু পারিবারিক স্বাস্থ্য সুরক্ষা করেন না—তাঁরা সমাজ বা কমিউনিটির স্বাস্থ্যও রক্ষা করেন। মা অসুস্থ হলে শিশুরাও রোগশোকে ভোগে। সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শত শত মানুষের অনুদানের টাকায় এ হাসপাতাল গড়ে তোলা হয়েছে। হাসপাতাল থেকে গরিব মা ও শিশুরা বিনা মূল্যে সেবা নিয়ে উপকৃত হচ্ছে। তিনি জানান, বিদেশি চিকিৎসকদের নিয়ে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।নোভা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সালাহ উদ্দিন আহমদ ও ফ্লোরিডার লিভার বিশেষজ্ঞ সিরাজুল ইসলাম বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগে এ ধরনের হাসপাতাল হলে গরিব মা ও শিশুরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেতেন। আমরাও দেশে এসে মা-বোনদের সেবা করার সুযোগ পেতাম।’ ফ্রান্সের চিকিৎসক ফ্রান্ক বলেন, ‘বহু দূর থেকে এসে পাহাড়ের এ গরিব নারী ও শিশুদের সেবা দিতে পেরে আমরাও খুশি।’