বিদেশি দুই কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষ্ণান্দন শাহ ও রাজেশ শ্রেষ্ঠ এবারের সমাবর্তনে ডিগ্রি নেন। ছবি: রনি আহসান
কৃষ্ণান্দন শাহ ও রাজেশ শ্রেষ্ঠ এবারের সমাবর্তনে ডিগ্রি নেন। ছবি: রনি আহসান

ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বিভিন্ন ইনস্টিটিউট থেকে প্রতিবছর বিদেশি শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে ডিগ্রি নিতে ভর্তি হন। সমাবর্তনেও দেখা যায় বিদেশি শিক্ষার্থীদের। এমনই দুজন শিক্ষার্থীর মুখোমুখি হই আমরা।
হিমালয়কন্যা নেপালের কৃষ্ণান্দন শাহ ও রাজেশ শ্রেষ্ঠ। তাঁরা দুজনই অংশ নিয়েছেন এবারের সমাবর্তনে। ফার্মেসি বিভাগের শিক্ষার্থী কৃষ্ণান্দন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজেশ। দুজনই ইতিমধ্যে ভালো বাংলা শিখে নিয়েছেন। কৃষ্ণ বাংলাদেশে আছেন পাঁচ বছর আর রাজেশ আছেন প্রায় ১৩ বছর ধরে।
কৃষ্ণ ফার্মেসি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে দেশে ফিরে যাবেন।
কৃষ্ণ বলেন, ‘বাংলাদেশ যেন এখন আমারই আরেকটা দেশ। এখনকার মানুষ, বন্ধুবান্ধব—সবই আমার আপন। সমাবর্তনের মধ্য দিয়ে পড়াশোনার সমাপ্তি হলো। দেশে ফিরে যাব, কিন্তু বাংলাদেশ আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে মনে রাখব সব সময়।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের হল স্যার পি জে হার্টজ আন্তর্জাতিক হলেই এই দীর্ঘ সময় কেটেছে কৃষ্ণের। নেপালের এককোণে ভারতীয় সীমান্তের কাছে রাওতাহাট এলাকায় কৈশোর কেটেছে তাঁর।
অন্যদিকে রাজেশের লেখাপড়া দীর্ঘ ১৩ বছর ধরে বাংলাদেশেই। প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং এবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে মার্স্টাস ইন সার্জারি ডিগ্রি লাভ করলেন রাশেদ।
রাজেশ বলেন, ‘প্রায় ১৩ বছর ধরে বাংলাদেশে আছি। নেপালের চেয়ে এখানেই যেন স্মৃতি বেশি আমার। দেশে ফিরে নেপালের হাসপাতালে যোগ দেব। কিন্তু বাংলাদেশ থেকে পাওয়া শিক্ষা আর এই সমাবর্তনের কথা সব সময় মনে রাখব।’
নেপালের দামাক এলাকার এই তরুণ বাংলাদেশকে ভীষণভাবে অনুভব করবেন এটা নিশ্চিত বলে জানান।