বিদেশি পণ্যের প্রতি ঝোঁক বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে খুচরা ও পাইকারি কাপড়ের বড় বিপণিকেন্দ্র টেরিবাজারের একটি দোকানের নাম মনে রেখ। বিক্রয়কর্মীরা ক্রেতাদের সামনে শাড়ির স্তূপ করেছেন। গতকাল দুপুরে দোকানটিতে মহিলাদের প্রচণ্ড ভিড় ছিল। তাঁদের বেশির ভাগই দেখছেন নেট, ধুপিয়ান ও টিস্যু জাতের শাড়ি। এ ধরনের সব কাপড়ই এসেছে ভারত থেকে। আরেকটু সামনে গিয়ে মাসুম ক্লথ স্টোরের বিভিন্ন ফ্লোরে মহিলাদের ভিড়। দোকানদার আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, মহিলাদের বেশির ভাগই কিনছেন নেট আর জর্জেটের ভারতীয় শাড়ি। এগুলো ভারতীয়। দেশি কাপড়ের মধ্যে তাঁদের পছন্দ টাঙ্গাইল, জামদানি আর মীরপুরি কাতান। তিনি বলেন, জর্জেট আর টিস্যু শাড়ির বাজার ভারতের দখলে। এগুলোর চাহিদাই বেশি। আর সুতির শাড়ির বাজার পুরোপুরিভাবে দেশি কাপড়ের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ভারতীয় সুতির কাপড়ের চেয়ে দেশের কাপড়ের দাম তুলনামূলকভাবে কম। তা ছাড়া ভারতীয় সুতার কাপড় আমদানির ওপরে নিষেধাজ্ঞা রয়েছে বলে তিনি জানান। শাড়ির মতো শিশুর পোশাক ও পাদুকার বাজারেও বিদেশি পণ্যের প্রাধান্য দেখা গেছে। নগরের জিইসি মোড়ের ব্যস্ততম সেন্ট্রাল প্লাজার দ্বিতীয়তলার শিশু পণ্যের দোকান চাইল্ডহুডে থাইল্যান্ড, ভারত ও চীন থেকে আসা শিশুদের কাপড় ও পাদুকা বিক্রি চলছে সমানে। ক্রেতারাও দোকানে ঢুকেই জানতে চান বিদেশি কী কাপড় আছে। পাশে গার্ডেনিয়া নামের একটি দোকানে সাজানো রয়েছে বিদেশি পাদুকা, বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধন আর হাতব্যাগ। এর মধ্যে পাদুকা আর হাতব্যাগ এসেছে থাইল্যান্ড ও চীন থেকে। দোকানের মালিক মোস্তফা জামান বলেন, বিদেশি পণ্যের চাহিদা ও দাম দুটোই বেশি। এ ক্ষেত্রে দেশি পণ্যের দখল বড়জোর এক-চতুর্থাংশ হবে। একই বিপণিকেন্দ্রের তৃতীয়তলার দোকান নেক্সটের মালিক রাশেদুল করিম চৌধুরী দেশি পণ্য দিয়ে সাজিয়েছিলেন দোকান। তিনি বলেন, ‘চেষ্টা করি দেশি পণ্য বিক্রি করতে। আমরা যদি সফল হই তাহলে বিদেশ থেকে আমদানি কমবে। কিন্তু আমরা পুরোপুরি সফল হতে পারছি না। দোকানের ৮০ শতাংশ পণ্যই দেশি। কিন্তু ক্রেতারা এসেই জানতে চান বিদেশি পণ্য আছে কি না।’ পোশাক কিনতে আসা স্কুলশিক্ষিকা মনোয়ারা ইসলাম বলেন, বিদেশি কাপড় দেখতে ভালো। সেলাই ও কাজ চমৎকার। এজন্য শিশুরাও তা পছন্দ করে। দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদেশি জর্জেটের শাড়ি কিংবা কামিজের কাপড় প্রতিবছরই মূলত ভারত ও পাকিস্তান থেকেই আসে। কিন্তু এবার ভারতীয় কাপড়ের দাপটে পাকিস্তানি কাপড়ের উপস্থিতি একেবারেই কমে গেছে। টেরিবাজার, বিপণিবিতান ও রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় এবারের ঈদের শাড়ির বাজারের বেশির ভাগই দখল করে আছে ভারতীয় শাড়ি। বাংলাদেশের শাড়ির চাহিদা রয়েছে এর ঠিক পরেই। এ দেশি কাপড়ের বেশির ভাগই সুতার শাড়ি। টাঙ্গাইল, জামদানি, নবরূপা, ঢাকাই জামদানি আর রাজশাহীর সিল্ক।দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, অন্য সময়ের মতো চোরাপথে না এসে এবার বেশির ভাগ বিদেশি পণ্য এসেছে বৈধপথে। ফলে দাম একটু বেশি। আবার বাজারে সহজপ্রাপ্যও। তবে দোকানদারদের দাবি, এবারও চোরাইপথে ভারত থেকে অন্তত ১০ শতাংশ কাপড় এসেছে। এগুলো থ্রিপিচের কাপড়। তবে বিপণিবিতানের সিল্ক শাড়ির মালিক বলরাম ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, এবারের বাজারে ভারতীয় শাড়ির পাশাপাশি মীরপুরে তৈরি কাপড়ের চাহিদাও বেশ বেড়েছে। ভারতীয় আদলে তৈরি এসব কাতান ও জর্জেট শাড়ির দাম ভারতের কাপড়ের চেয়ে অপেক্ষাকৃত কম। এসব কাপড়ের ক্রেতার পরিমাণ বাড়লে একসময় ভারতীয় কাপড়ের সঙ্গেও পাল্লা দেওয়া সম্ভব হবে। পুরুষদের পাঞ্জাবির ক্ষেত্রে দেখা গেছে, স্থানীয় কিছু বুটিকের দোকান আর আড়ংয়ের প্রতিই বেশি ঝোঁক তরুণদের। এর বাইরে চট্টগ্রামের বাজারে এবার নতুনত্ব নিয়ে এসেছে দেশী দশ। ১০ টি বুটিক হাউস নাসিরাবাদের আফমি প্লাজায় বিক্রয়কেন্দ্র খুলেছে। সেখানে তরুণ-তরুণীদের ভিড় লেগেই আছে। তবে এতকিছুর বাইরে গিয়ে চট্টগ্রামের সাধারণ ও মধ্যবিত্তরা বরাবরের মতোই ভিড় করেছেন রিয়াজউদ্দিন বাজারে। সেখানে সব ধরনের ঈদের পণ্য পাওয়া যায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটা। এখানেও আছে দেশি বিদেশি পণ্যের প্রতিযোগিতা।