চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তির জন্য এবার কোনো বিদেশি শিক্ষার্থী আবেদন করেননি। ফলে সংরক্ষিত ৭৭টি আসন এবারও খালি থেকে যাচ্ছে। এ নিয়ে টানা ১১ শিক্ষাবর্ষে এ বিশ্ববিদ্যালয়ে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।প্রশাসন সূত্রে জানা যায়, বিদেশি কোটায় সর্বশেষ ছাত্র ভর্তি হয় ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষে। বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটে ভর্তি হওয়া নেপালি ছাত্র রবি শঙ্কর ২০০৪ সালে পাস করে দেশে ফিরে যান। এরপর থেকে বিদেশি শিক্ষার্থী নেই বিশ্ববিদ্যালয়ে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ভর্তি হওয়া ১৫ বিদেশি শিক্ষার্থীই পড়াশোনা করেছেন বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটে।ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আল আমীন জানান, ‘একসময় দেশের রাজনৈতিক ও ক্যাম্পাস পরিস্থিতি শিক্ষার পরিবেশের অনুকূলে ছিল না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজটও ছিল প্রকট। এসব কারণে বিদেশি শিক্ষার্থীরা এখানে ভর্তি হওয়ার আগ্রহ হারিয়ে ফেলে। তবে বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের অনুকূলে। শিক্ষাজট প্রায় নিরসন হয়েছে। আশার কথা হচ্ছে, চীন, জাপান ও নেপাল থেকে শিক্ষার্থীরা ভর্তি হতে আবার আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আলাউদ্দিন বলেন, ‘বিদেশি কোটায় ছাত্র ভর্তি করাতে কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বিদেশি শিক্ষার্থীরা ভর্তি হলে এতে উভয় দেশের শিক্ষার্থীরা লাভবান হবে।’বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, তথ্যপ্রযুক্তির এ সময়ে শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খোঁজ মুহূর্তের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে বিদেশি শিক্ষার্থীদের ভর্তিবিষয়ক আলাদা কোনো তথ্য নেই। ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব ও একাডেমিক শাখার প্রধান আ ক ম ফজলুল হক বলেন, ‘ওয়েবসাইটে সাধারণ শিক্ষার্থীদের জন্য যে রকম নির্দেশনা দেওয়া আছে, বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে তা একই। তাদের জন্য আলাদা করে কিছু দরকার নেই।’একাডেমিক শাখা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বিদেশি কোটা চালু করা হয় ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে। ৩৪টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটের প্রতিটিতে দুটি করে ৭২টি আসন রয়েছে। বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটে রয়েছে পাঁচটি আসন।