
আমাদের অফিসের আরিফ ভাইয়ের বিদেশপ্রীতি পুরোপুরি দেশি মানের। যেকোনো বিষয়ে বিদেশিরা কত ভালো এবং আমরা কত খারাপ, তা প্রমাণে সদা সচেষ্ট তিনি। ফলে আড্ডায় এটাই হয় তাঁর কথাবার্তার প্রতিপাদ্য বিষয়।
আমাদের অফিস ১২তলা বিল্ডিংয়ের সাত তলায়। সেখানে আরও দশ–বারোটা অফিসও আছে। তাই প্রায়ই কোনো না কোনো তলায় কোনো না কোনো বিদেশিকে দেখা যাবেই। টিকিট কেটে বিদেশি মানুষ দেখানোর ব্যবস্থা করা গেলে এই বিল্ডিংয়ের মালিক বিল গেটসকে ছুঁয়ে ফেলতে পারতেন। আরিফ ভাই প্রসঙ্গে আসি। অফিসের বিল্ডিংটা এমন বিদেশিবান্ধব হওয়ায় আরিফ ভাই বড় আনন্দে থাকেন। সকাল–বিেকল বিদেশি মানুষ দর্শনে তাঁর মন থাকে ফুরফুরে। বিদেশিদের দেখেন খুঁটিয়ে খুঁটিয়ে। কোন বিদেশি কোন দিক দিয়ে কতটা ভালো, তা তিনি এক দেখায় বলে দিতে পারেন। আর আমাদের কোন দিকটা খারাপ, এটাও জানিয়ে দিতে দেরি করেন না। একটা বিষয়ে বিদেশিদের আচরণ কেমন হয়, বিপরীতে আমাদের আচরণ কেমন হতো–টাইপের মূল্যায়ন শুনতে শুনতে আমরা আফসোস করি—কেন যে বিদেশি হলাম না!
মাঝেমধ্যে আরিফ ভাই যখন মাত্রা ছাড়িয়ে যান তখন কেউ না কেউ তাঁকে প্রশ্ন ছুড়ে দিই, ‘ভাই, এতই যখন খারাপ লাগে তখন যান না কেন আপনি বিদেশে?’
তখন শুরু হয় আরেক প্যাচাল। সারমর্ম দঁাড়ায়, ‘আজ বাংলাদেশি বলেই কোথাও যেতে পারতেছি না রে ভাই!’ তো সেদিন সকালে আমরা লিফটে উঠছি। দেখলাম, এক বিদেশি লোক দঁাড়িয়ে আছেন লিফটের জন্য। ঠিক তাঁর পেছনে দাঁড়িয়ে আমাদের আরিফ ভাই। খেয়াল করলাম, বরাবরের মতো খুব মেনাযোগ দিয়ে বিদেশিকে লক্ষ করছেন তিনি। মনে হচ্ছে পা থেকে মাথা পুরোটা স্ক্যান করছেন। অফিসের স্ক্যানারটাও এত ভালো স্ক্যান করে কি না সন্দেহ! যাহোক, অফিসে ঢোকার পর আরিফ ভাইয়ের লেকচার শুনতে হবে ভেবে আমরা সিঁটিয়ে গেলাম। এবং যথারীতি দুপুরে আরিফ ভাই এসে শুরু করলেন তাঁর লেকচার, ‘দেখছেন, চায়না-জাপানিরা কেমন সময়ের সদ্ব্যবহার করে!’
আমরা বললাম, ‘কেন ভাই, আবার কী দেখলেন?’
‘আরে, আজকে ওই ছোট চোখের ভদ্রলোককে দেখলাম। দঁাড়িয়ে দঁাড়িয়ে ঘাড়ের ব্যায়াম করছেন। চিন্তা করেন, দঁাড়িয়ে আছেন তারপরও ব্যয়াম চলছে! আর আমরা হলে কী করতাম! ফেসবুকিং, তা না হলে খোশগল্প। বুঝছেন, এ জন্যই ওঁরা এত ওপরে আর আমরা এত নিচে। যাই, লাঞ্চে যাই।’
আমরা বিরস মুখে আবার কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করলাম। এটা নিত্যদিনের ঘটনা, অত ভেবে লাভ কী! কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল হলো, লাঞ্চের টাইম শেষ হয়ে যাচ্ছে। দ্রুত লিফট দিয়ে নামছি। দেখি, লিফটম্যান আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে।
জিজ্ঞেস করলাম, ‘কী হইছে, এমনে হাসতেছ কেন?’
‘আপনাদের অফিসে, ওই যে এক স্যার আছে না...।’
‘কোন স্যার?’
‘ওই যে বিদেশি স্যার।’
‘কোন বিদেশি স্যার?’
‘ওই যে খালি বিদেশ বিদেশ করেন।’
বুঝে ফেললাম, কার কথা বলছে। তাই জিজ্ঞেস করলাম, ‘হুম, আরিফ ভাই। তা কী হইছে?’
‘উনি তো আজকে ঝাড়ি খাইছেন!’ বলে লিফটম্যান আবার ফিচেল মার্কা হাসি দিতে লাগল।
আমরা তো অবাক! একজন আরেকজনের দিকে চোখাচোখি করছি। এক সহকর্মী জিজ্ঞেস করলেন, ‘কেন, কী হইছে?’
‘লিফটে ফরেনার আর এই অফিসের বড় স্যার উঠছেন। তখন আরিফ স্যারেও উঠলেন সেইখানে। উইঠাই মাথাটা খালি কাইত–চিত করতে শুরু করছেন। ফরেনারে বড় সাহেবের কানে কানে কী জানি কইল। সেইটা শুইনাই বড় স্যারে আরিফ স্যাররে এমন ঝাড়ি দিছেন! পারলে কাইন্দা দেন! হা হা হা হা!’
আমি জিজ্ঞেস করলাম, ‘কেন ঝাড়ি দিল? কী বলে দিল?’
‘এত কী আর মনে থাকে? খালি দুই–একটা মনে আছে...।’
‘বলো, শুনি...।’
‘বলছে, আনকালচার (আসলে আনকালচার্ড) বাঙালি, ব্যবহার শিখেন নাই। একজন পারকিন (আসলে পারকিনসন্স) রোগীকে ভ্যাঙ্গাচ্ছেন...!’
ব্যস, আমরা এতটুকু শুনেই হাসতে হাসতে শেষ! লিফটের দরজা খুলতেই দেখি, আমাদের আরিফ ভাই। আমাদের হাসির বেগ আরও বেড়ে গেল! আরিফ ভাইও যা বোঝার বুঝে নিলেন।
তারপর থেকে আরিফ ভাইয়ের মুখে বিদেশিদের প্রশংসা শুনিনি! তবে আজকাল তাঁকে সবাই ‘বিদেশি আরিফ’ বলে ডাকছে শুনছি!