বিদেশিদের চোখে বাণিজ্য মেলা
সালাদ তৈরির যন্ত্র সম্পর্কে হাতে-কলমে বুঝিয়ে দিচ্ছেন পাকিস্তানি এক তরুণ। আর তাঁকে এ বিষয়ে নানা প্রশ্ন করে চলেছেন এক তরুণী। পাশেই দাঁড়িয়ে আছেন দুই মহিলা। তাঁরা ক্রেতা, এ কথা বুঝতে দেরি হয়নি। কিন্তু তরুণীকে দেখে মনে হয়েছে তিনি বোধ হয় দোভাষীর দায়িত্ব পালন করছেন। সাজগোছেও সে রকম ভাব ফুটে ওঠে। মাথায় বড় টুপি, চোখে রোদচশমা। সবচেয়ে বড় কথা, তাঁকে দেখে মনোবল বেড়ে যায় বেশ খানিকটা। কারণ বিক্রেতা তরুণের সঙ্গে তাঁর কথোপকথন চলছিল হিন্দি ভাষায়। আর এ বিষয়ে যেহেতু তেমন কোনো দখলই নেই আমার, তা-ই প্রয়োজনীয় আলাপ সেরে নেওয়ার মাধ্যম হিসেবে মনে মনে তাঁকেই বেছে নেওয়ার কথা ভাবছিলাম। এগিয়ে গেলাম কাছে। ভুল ভাঙল তখুনি। আসলে তিনিও একজন ক্রেতা, অপর দুই মহিলার সঙ্গে এসেছেন। তাঁদের আপনজন। হিন্দি জানেন বলে তিনি স্বচ্ছন্দে আলাপ সারেন। তবে আমাকে সংক্ষেপে ওই পণ্যের দাম, গুণাগুণ সম্পর্কে জানিয়ে একটা গাইডলাইন দিয়ে যান তিনি। সে পথ ধরেই তরুণের কাছে এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলাম। তরুণ তাঁর বড় ভাই মিয়া বিশারদের মুঠোফোন নম্বর দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বললেন।অবশেষে মেলা প্রাঙ্গণে খুঁজে বের করলাম মিয়া বিশারদকে। পাকিস্তান প্যাভিলিয়নে রয়েল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক পাকিস্তানের গুজরানওয়ালা থেকে এসেছেন। বাঁধাকপি, খিরা, আলু, গাজর প্রভৃতি সবজি কাটার যন্ত্র বিক্রি হয়। একটি সেটের দাম রাখা হচ্ছে এক হাজার টাকা করে। মিয়া বিশারদ বলেন, ‘আমি ঢাকা ও চট্টগ্রাম দুই জায়গার বাণিজ্য মেলায় অংশগ্রহণ করি। গতবারও এসেছি। বেচাবিক্রি ভালোই হচ্ছে।’ চট্টগ্রামের মানুষ সম্পর্কে তাঁর মন্তব্য, ‘ক্রেতা হিসেবে সবাইকে আমার ভালোই মনে হয়। তাঁদের পণ্য সম্পর্কে ভালোভাবে ধারণা দিতে পারলে সহজেই তা কিনে নেন।’ মেলায় কখনো কোনো ক্রেতার সঙ্গে ঝামেলা বাঁধেনি? ‘কেউ অন্য রকম কিছু বললে চুপ করে থাকি। কি দরকার ঝামেলায় জড়ানোর। আমি তো এসেছি পণ্য বিক্রি করতে বাড়াবাড়ি করে কী লাভ?’থাই প্যাভিলিয়নে নানা আঙ্গিকের কৃত্রিম ফুলের স্টল সাজিয়ে বসেছেন থাই মহিলা উসা। উসা ফ্লোরার চেয়ারম্যান। আর পুরো প্যাভিলিয়নের থাই প্রতিনিধিদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। থাইল্যান্ডের অ্যানথনের বাসিন্দা। চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় নয় বছরের। এবার সময়মতো থাইল্যান্ড থেকে সব পণ্য এসে পৌঁছায়নি। তাহলে আরও ভালো বিক্রি হতো বলে জানান তিনি। চট্টগ্রামের মানুষ বেশ অতিথিপরায়ণ, সবাইকে খুব সহজেই আপন করে নিতে পারেন। এমন মন্তব্য উসার।