বিদেশে পড়াশোনার তথ্য নিয়ে শিক্ষামেলা
সকাল গড়িয়ে সময় দুপুরে পা বাড়াচ্ছে। রাস্তায় সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাঁরা। দীর্ঘ লাইন। তবুও আক্ষেপ নেই। এমনকি রোদের দাপটকেও কেউ গায়ে মাখছেন না। কারণ একটু পরেই তাঁদের স্বপ্নের নাগাল মিলবে। এত দিন বিশ্বের সব নামীদামি বিশ্ববিদ্যালয়ে পড়া নিয়ে অনেক আকাশকুসুম ভেবেছেন। আজ সেগুলোই এসেছে দোরগোড়ায়। এখানে পড়ার সুবিধা, ভালো-মন্দ সব জানা যাবে সরাসরি। বয়সে সবাই তরুণ। তাঁরা এসেছেন ব্রিটিশ কাউন্সিলের শিক্ষামেলায়। নগরের জিইসি মোড়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় মেলা। একে ঘিরে একেকজনের প্রত্যাশা ছিল একেক রকম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ করিম জানালেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে, ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি নেওয়া। আজ সুযোগটা কাজে লাগাতে এসেছি।’ রোদচশমায় মুখ ঢাকা নওরিন হায়াত হাঁস-ফাঁস করছিলেন গরমে। তবুও জানালেন, ‘না, বিরক্তি লাগছে না। এত বড় একটা সুযোগ হাতছাড়া হওয়ার চেয়ে এ কষ্ট খুব বড় কিছু নয়।’ ‘বড় কেন?’ জবাবে বললেন, ‘কারণ মেলায় গিয়ে আমি যত সহজে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে খোলাখুলি কথা বলার সুযোগ পাব তা তো সব সময় পাওয়া যায় না। এজন্য মেইল করা, চিঠি চালাচালির মতো নানা ঝামেলা পোহাতে হয়।’ ৭ মার্চ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিলের হেড অব পারফরমেন্স, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস রাইকা ওয়ালি খান। উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের এডুকেশন প্রমোশন অফিসার সৈয়দ আবদুল আহাদ, ভারপ্রাপ্ত সেন্টার ম্যানেজার ও হেড অব চিটাগাং এক্সামস মোহাম্মদ নাঈমুর রহমান প্রমুখ। ‘১৬টি বিশ্ববিদ্যালয় এবং দুটি মহাবিদ্যালয় মিলে এবারের মেলায় যুক্তরাজ্যের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার বিশেষত্ব হলো এ দেশের শিক্ষার্থীরা এখানে এসে এসব বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে নিজেরাই প্রয়োজনীয় আলাপ সেরে নিতে পারবেন। এ ছাড়া ভিসাসংক্রান্ত তথ্য জানানোর জন্য রয়েছে ইউকে বর্ডার এজেন্সি।’ বলেছেন হেড অব পারফরমেন্স, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস রাইকা ওয়ালি খান। কাউন্সিল এবারের মেলার নাম দিয়েছে এডুকেশন ইউকে এক্সিবিশন ২০১০। স্লোগান ছিল (স্প্রেড ইউর উয়িংস) পাখা মেল। প্রতীক হিসেবে ছিল একটি সাদাকালো ডোরাকাটা প্রজাপতি। সেই প্রজাপতির পাখার মতোই আমাদের তরুণেরাও পাখা মেলেছেন স্বপ্নের খোঁজে। দিনভর দলে দলে এসেছেন। উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি আর বিদেশ যাওয়ার নিয়ম জানতে। তবে মেলার সময় আরও বাড়ানোর কথা বলেছেন কেউ কেউ। তুহিনা আরেফিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘এক দিনের মেলায় সবার প্রয়োজন মেটে না। নানা কাজ সামলে মেলায় আসাটা সম্ভব হয় না অনেক সময়। দু-তিন দিনের হলে সময় বের করে নেওয়া যায়।’ এ প্রসঙ্গে লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা তরুণ কুমার রায় জানান, ‘সাধারণত মার্চ-এপ্রিলে সারা বিশ্বেই এরকম মেলার আয়োজন করা হয়। তাই এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের পক্ষে বেশি দিন অবস্থান করা সম্ভব হয় না।’ এখানে বলা প্রয়োজন, বেশ কিছুদিন ধরে যুক্তরাজ্যে ভিসা প্রদান বন্ধ রয়েছে। এ সম্পর্কে ইউকে বর্ডার এজেন্সির অপারেশন ম্যানেজার স্টুয়ার্ট পারসিভিল জানান, ‘শিগগির ভিসা কার্যক্রম চালু হবে। তা ছাড়া আমরা এ দেশের প্রকৃত শিক্ষার্থীদের ব্যাপারে বরাবরই উদার। তাদের ভিসা পেতে কোনো সমস্যা হবে না।’ বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির একটিং হেড অব স্কুল পরমজিত চিমা জানান, ‘আমাদের এখানে বিভিন্ন পেশার সঙ্গে সম্পৃক্ত ৩০০টি কোর্স চালু রয়েছে। তা ছাড়া নানা ধরনের বৃত্তিও রয়েছে।’