বিদ্যাময়ীর মেয়েরা শিখেছে কম্পিউটার
২০০৯ সালে ময়মনসিংহ জেলার বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দুটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়। ল্যাবটিতে এ পর্যন্ত প্রায় এক হাজার ৭০০ শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মকর্তাদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই ল্যাব স্থাপন করা হয়েছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) কর্মসূচির আওতায়।দেশের প্রতিটি জেলায় একটি করে সরকারি কলেজ ও বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপনের কর্মসূচি রয়েছে বিসিসির।বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালের এপ্রিল মাসে ল্যাব স্থাপনের চুক্তি হওয়ার পর একই বছরের ৬ সেপ্টেম্বর থেকে ল্যাবটি চালু হয়। বিদ্যাময়ী স্কুলের নতুন একাডেমিক ভবনের দোতলার একটি কক্ষকে আধুনিক ল্যাবে সজ্জিত করতে ৪০ হাজার টাকাসহ ১৬টি কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রণ (এসি), একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, চেয়ার-টেবিলসহ নানাকিছু দিয়েছে বিসিসি।বিদ্যালয়ের এই কার্যক্রম পরিচালনা করতে একজন সহকারী প্রোগ্রামার নিয়োগ দেওয়া হয়। গত ১১ মাসে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি পরীক্ষার্থীসহ প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে ইতিমধ্যে এই ল্যাব থেকে কম্পিউটার ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারনেট ও ই-মেইল ব্যবহারের প্রশিক্ষণও দেওয়া হয়। এই প্রশিক্ষণ কার্যক্রমে বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণীর আরও প্রায় ৫০০ শিক্ষার্থীকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরসহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ১০টির মতো প্রশিক্ষণ কর্মশালা এখানে সম্পন্ন করা হয়েছে। বর্তমানে উপজেলা তথ্যসেবা কেন্দ্রের কর্মকর্তাদের একটি কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা চলছে। আর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদে অন্য কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার ক্ষেত্রে বিদ্যুত্সহ আনুষঙ্গিক খরচের জন্য নির্ধারিত সামান্য ফি নেওয়া হয়।বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নুদহাত আনজুম জানায়, ‘প্রশিক্ষণ নিয়ে এখন আমরা বাসায় কম্পিউটার, ইন্টারনেট ও ই-মেইল ব্যবহার করতে পারছি। তবে বিদ্যালয়ে কম্পিউটার ব্যবহারের সুযোগ থাকলে আরও ভালো হতো।’ নুদহাতের সহপাঠী মালিহা নাওসাবা প্রতিদিন বিদ্যালয়ে কম্পিউটার ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে বলে, ‘অনেকেই কম্পিউটার চালাতে জানলেও প্রশিক্ষণের মাধ্যমে আমাদের অনেক দক্ষতা বেড়েছে। কিন্তু সবার বাসায় কম্পিউটার না থাকায় পরে কম্পিউটার ব্যবহার করতে না পেরে ভুলে যাচ্ছে।’কম্পিউটার ল্যাবটির সহকারী প্রোগ্রামার জোবায়ের আহাম্মেদ জানান, তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তি পৌঁছে দিতে আধুনিক এই ল্যাব স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের মেয়েরা কম্পিউটার চালনা শিখতে খুবই আগ্রহী। এ পর্যন্ত প্রায় দেড় হাজার শিক্ষার্থী ও ২০০ সরকারি-বেসরকারি শিক্ষক-কর্মকর্তাকে ল্যাবটিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা জানান, বিসিসির সঙ্গে আমাদের করা এক বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এমন আধুনিক একটি ল্যাব তথ্যপ্রযুক্তি শিক্ষার দক্ষতা বাড়ানোর অগ্রগতিতে বিভিন্ন শ্রেণীর প্রশিক্ষণ এবং এই বিদ্যালয়ের মেয়েদের কম্পিউটার শিক্ষায় ব্যাপক ভূমিকা রাখছে। ভবিষ্যতে ল্যাবটিকে মেয়েদের সাইবার ক্যাফে হিসেবে ব্যবহারের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।