বিদ্যার ভাসান
বিলের ওপারে বিদ্যালয়, এপারে গ্রাম। মাঝখানে বিল; সারা বছর পানি থইথই। ১২ বছর ধরে সাঁতরে এই বিল পার হয় মাদ্রাসাছাত্র এনামুল। তার মতো এ রকম প্রায় ২০০ শিক্ষার্থীকে প্রতিদিন এভাবেই বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে হয়। পারাপারে নৌকা নেই, সাঁকো নেই, আছে কেবল পাতিল। বড় পাতিলে জামা-কাপড় বই-পুস্তক নিয়ে সেই পাতিল ধরে ভেসে ভেসে তারা বিল পার হয়। বিদ্যার জন্য কচি ছেলেমেয়েদের এই ভাসানযাত্রার ইতিহাসই যেন বাংলাদেশের তিলে তিলে শিক্ষা বিস্তারের ইতিহাস।জামালপুরের ইসলামপুর উপজেলার কাচীহারা আলাই পূর্বপাড়া গ্রাম যেন সভ্যতার ওপারের কোনো স্থান। সেই অন্ধকার দুর্গমতার মধ্যেও মানুষ থাকে, সমাজ গড়ে ওঠে। এবং সেই সমাজ এতই দরিদ্র যে নৌকা কেনার সামর্থ্য নেই কারও, নেই ভেঙে পড়া বাঁশের সাঁকো মেরামতের বাস্তবতা। সেই সমাজের মা-বাবারাও তবু আর সব মা-বাবার মতো সন্তানকে শিক্ষিত করতে চান। বিদ্যার প্রতি আকর্ষণে তাঁদের শিশুরা কারও থেকে ছোট নয়। যাদের অনেক আছে, তাদের থেকেও জোরদার তাদের পড়াশোনার ইচ্ছা। কিন্তু সেই ইচ্ছাকে এগিয়ে নেওয়ায় পাশে দাঁড়ানোর কেউ নেই। তাদের সহায় কেবল রান্নার পাতিল। স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন কেউ কেন লক্ষ করেনি এতগুলো শিশুর এই সংগ্রাম! অথচ গ্রামটি ইসলামপুর সদর থেকে বেশি দূরে নয়। তা না হলেও কর্তাব্যক্তিদের নজর থেকে অনেক দূরে তাদের এই ‘পাতিল সাঁতার।দেশে এ রকম গ্রাম আরও আছে। নীরবে-নিভৃতে বাংলাদেশের আনাচকানাচে এ রকম শিক্ষার সংগ্রাম আরও চলছে। এই শিশুসংগ্রামীরাই সত্যিকার ‘আলোর পথযাত্রী’। বাংলাদেশ যদি আজ তাদের উপেক্ষা করে, তাহলে একদিন সব শিশুকে শিক্ষিত করার সাফল্যও বাংলাদেশকে উপেক্ষা করে চলে যাবে।এই আলোর পথযাত্রীদের বিদ্যার ভাসানকে তাই পুরস্কৃত করা হোক; কেবল তাদের যাতায়াতের কষ্টই নয়, তাদের পরিবারের কষ্টও দূর করায় সরকার এগিয়ে আসুক।—ফারুক ওয়াসিফ