বিদ্যালয়ে অভয়ারণ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার পুটিবিলা বিদ্যালয়জুড়ে রয়েছে সারি সারি গাছ। বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নিয়মিতভাবে এসব গাছ পরিচর্যা করে l প্রথম অালো
লোহাগাড়ার পুটিবিলা বিদ্যালয়জুড়ে রয়েছে সারি সারি গাছ। বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নিয়মিতভাবে এসব গাছ পরিচর্যা করে l প্রথম অালো

বনজ, ফলদ, ঔষধি, শোভাবর্ধনকারী মিলিয়ে আছে ২০ হাজার গাছ। মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে সারি সারি গাছে পাখিদের কলতান। ১০ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত লোহাগাড়ার পুটিবিলা বিদ্যালয়টি যেন অভয়ারণ্য। আর এই অভয়ারণ্য সৃজন এবং রক্ষণাবেক্ষণ সবটাই করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে গাছগাছালি ঘেরা টিলার ওপর প্রতিষ্ঠিত হয় পুটিবিলা উচ্চবিদ্যালয়। বিদ্যালয়টি ছিল ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের পূর্বাঞ্চলীয় ঘাঁটি। বিদ্যালয়ের ২০ হাজার গাছের অধিকাংশই লাগানো হয় মূলত ২০১০ সালে। ওই সময় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকদের তত্ত্বাবধানে এ গাছ লাগায়। তখন থেকে আজ পর্যন্ত শিক্ষার্থীরা কৃষিবিজ্ঞানের ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে সপ্তাহে এক দিন গাছের পরিচর্যা করে।
বাগানের বিভিন্ন অংশের পরিচর্যার দায়িত্ব ভাগ করে নিয়েছে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের এ কাজে সহায়তা করেন। সম্প্রতি বিদ্যালয়টিতে গেলে দেখা যায়, শিক্ষার্থীরা দল বেঁধে গাছের গোড়া পরিষ্কার করছে, কেউ বা পানি দিচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন জানান, বর্তমানে বিদ্যালয়ের ক্যাম্পাসে ১৫ হাজার বনজ, দুই হাজার ফলদ এবং ৫০০ ঔষধি গাছ রয়েছে। শোভাবর্ধনকারী গাছ রয়েছে দেড় হাজার। সব মিলিয়ে বিদ্যালয়ে ২০ হাজার গাছ রয়েছে।
বিদ্যালয়ের সামনে ও পেছনের প্রাঙ্গণে ছড়িয়ে থাকা বনজ গাছের মধ্যে মেহগনি, আকাশমনি, তেলসূর, শাল, আগর ও ইউক্যালিপটাসের দেখা মিলেছে। ফলদ গাছের মধ্যে রয়েছে আম, জলপাই, কাঁঠাল, জাম, লিচু, তেঁতুল, নারিকেল, সুপারি, আমড়া, জাম্বুরা ইত্যাদি। এ ছাড়া আমলকী, বহেরা, অর্জুন, নিম, তেজপাতাসহ নানা ধরনের ঔষধি গাছ রয়েছে। শোভাবর্ধনকারী উদ্ভিদের মধ্যে রয়েছে মহুয়া, ঝাউ, দেবদারু ও নাগেশ্বর। গাছে গাছে বাসা বেঁধেছে বক, শালিক, চড়ুই, কবুতর, কাঠবিড়ািল ও খরগোশ। নাগেশ্বর গাছে দেখা মিলল বিশাল মৌচাক।
প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, বৈশ্বিক উষ্ণতার হাত থেকে রক্ষা করার জন্য আগামী প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি গাছ লাগানোয় অভ্যস্ত করতে হবে। পাশাপাশি গাছ থাকলে শ্রেণিকক্ষও শীতল থাকে।
দশম শ্রেণির শিক্ষার্থী আসিফ চৌধুরী জানায়, প্রতিবছর এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ের দিনে বিদায়ী শিক্ষার্থীরা গাছগুলোর জন্যও কান্না করে।
লোহাগাড়ার পদুয়া বন বিভাগের সহকারী বন সংরক্ষক শোয়েব খান বলেন, এ বিদ্যালয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রচেষ্টায় বিভিন্ন প্রজাতির প্রায় ২০ হাজার চারা গাছ লাগিয়েছে। পাশাপাশি বিদ্যালয়ে রয়েছে জীববৈচিত্র্যও।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান বলেন, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বয়ে এতগুলো বৃক্ষরোপণ করা একটি অনন্য দৃষ্টান্ত।