বিদ্যালয়ে পানি, পরীক্ষা নিয়ে ভাবনা শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের সেকান্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়েছে বন্যার পানি। গত সোমবারের চিত্র l প্রথম আলো
ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের সেকান্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়েছে বন্যার পানি। গত সোমবারের চিত্র l প্রথম আলো

বানভাসি মানুষজন আশ্রয় নেওয়ায় বন্ধ বিদ্যালয়। তাই ফেনী জেলার দাগনভূঞা উপজেলার রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী শামসুন নাহারের বাড়িতে বসেই দিন কাটছে। অথচ সামনে প্রাথমিক সমাপনী পরীক্ষা। বিদ্যালয় বন্ধ থাকায় বিঘ্ন ঘটছে পরীক্ষার প্রস্তুতিতেও।
শামসুন নাহারের মতো ফেনী জেলার অনেক শিক্ষার্থী এখন বিদ্যালয়ে যেতে পারছে না। সম্প্রতি টানা বৃষ্টি ও ঘূর্ণিঝড় কোমেনের কারণে জেলার বহু এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বন্যার পানি প্রবেশ করায় ও বানভাসি মানুষজনকে আশ্রয় দিতে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ৬২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে আছে ফেনীর দুটি ও দাগনভূঞা উপজেলার ছয়টি ইউনিয়ন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যার কারণে দাগনভূঞা উপজেলার ৪০টি প্রাথমিক ও ১৩টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। অপর দিকে ফেনী সদর উপজেলায় বন্ধ আছে ছয়টি প্রাথমিক তিনটি মাধ্যমিক বিদ্যালয়।
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ফেরদাউস বলেন, সম্পূর্ণ মানবিক কারণে বিদ্যালয়ে বন্যার্ত মানুষজনকে থাকার জন্য আশ্রয় দিতে হয়েছে। উপজেলা প্রশাসন থেকেও এ বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।
দাগনভূঞার রাজাপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, তাঁর ইউনিয়নে ১২টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যার্ত অনেক মানুষ বাড়িঘর ছেড়ে বিদ্যালয়ে গিয়ে ঠাঁই নিয়েছেন।
দাগনভূঞা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জগদীশ চন্দ্র দেবনাথ জানান, উপজেলায় ৪০টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি ঢুকে পড়ায় সেগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এগুলোর মধ্যে সাতটিতে বানভাসি মানুষের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পানি নেমে গেলে দ্রুত বিদ্যালয়গুলো আবার খুলে দেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর জানান, বিদ্যালয় বন্ধ থাকায় জেএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিতে কিছুটা হলেও ব্যাঘাত ঘটছে। পানি নেমে গেলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবার পাঠদান শুরু হবে।
জেলা প্রশাসক মো. হুনমায়ূন কবীর খোন্দকার বলেন, বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। পানি নেমে গেলে বন্যার্ত মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে যাবে। অল্প সময়ের মধ্যে বন্ধ বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে।