বিদ্যালয়ে যায় না দুর্গম নয় গ্রামের ৩০০ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়ির  সাজেক ইউনিয়নের লক্ষ্মীছড়ি এলাকার থলছড়া গ্রামের এই শিশুরা বিদ্যালয়  যায় না l প্রথম আলো
বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের লক্ষ্মীছড়ি এলাকার থলছড়া গ্রামের এই শিশুরা বিদ্যালয় যায় না l প্রথম আলো

রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের সংরক্ষিত বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া গঙ্গারাম নদীর এক পাড়ে লক্ষ্মীছড়ি ও অন্য পাড়ে নাড়াইছড়ি। এই দুই এলাকা থেকে সবচেয়ে কাছের পাকা সড়কের দূরত্ব ৬০ থেকে ৭০ কিলোমিটার। এখানকার নয়টি গ্রামের ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যেও কোনো বিদ্যালয় নেই। ফলে এসব গ্রামের প্রায় ৩০০ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
লক্ষ্মীছড়ি ও নাড়াইছড়ির বনের ভেতরে বসবাসকারী লোকজন জানান, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর এ এলাকায় তিন শতাধিক উদ্বাস্তু পরিবার আশ্রয় নেয়। পরে কিছু পরিবার অন্যত্র চলে গেলেও দুই শতাধিক পরিবার সেখানে রয়ে যায়। পর্যায়ক্রমে গ্রাম গড়ে তুলে পরিবারগুলো বসবাস শুরু করে। এই গ্রামগুলো হলো চামুকছড়ি, উগলছড়ি, ডুলুছড়ি, থলছড়া, গরমছড়ি, উল্টাছড়ি, গাছকাটাছড়া, হাজাছড়া ও চাদারাদালা। এসব গ্রামের ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় নেই। সাজেক ইউনিয়নের অন্যান্য এলাকায় বাংলাদেশ সরকার ও ইউনিসেফের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত পাড়াকেন্দ্র রয়েছে। পাশাপাশি বেসরকারি সংস্থা ব্র্যাকও ওই সব এলাকায় প্রাক্-প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করে। কিন্তু নড়াইছড়ি ও লক্ষ্মীছড়ির গ্রামগুলোতে দীর্ঘ প্রায় দুই যুগেও বিদ্যালয় গড়ে ওঠেনি। অথচ ওই নয় গ্রামে ৪ থেকে ১২ বছর বয়সের তিন শতাধিক শিশু রয়েছে।
থলছড়া গ্রামের কারবারি ইন্দু কুমার চাকমা বলেন, ‘কিছুদিন আগে একটি উন্নয়ন সংস্থা নাড়াইছড়ি ও লক্ষ্মীছড়িতে বিদ্যালয় প্রতিষ্ঠা করবে বলে শুনেছিলাম। কিন্তু সেই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়িন। বিদ্যালয় হবে শুনে আমরা গ্রামের লোকজন মিলে নয়টি গ্রাম ঘুরে জরিপ করেছি। গ্রামগুলোতে বিদ্যালয়ে যাওয়ার বয়স হয়েছে, এমন শিশুর সংখ্যা প্রায় ৩০০ হবে।’
বয়স পেরিয়ে গেলেও বিদ্যালয়ে যাওয়া হয়নি বনকান্তি চাকমার। থলছড়া গ্রামের এই কিশোরের বয়স ১৫ বছর। সে বলে, ‘ইচ্ছে ছিল পড়ালেখা করব। কিন্তু নিরক্ষরই থেকে গেলাম। বিদ্যালয়ে না যেতে পারার দুঃখ থেকে যাবে সারা জীবন।’ একই গ্রামের ১৩ বছর বয়সী লক্ষ্মীবিজয় চাকমা ও চামুকছড়ি গ্রামের ১৪ বছর বয়সী নয়ন কান্তি চাকমার কণ্ঠেও আক্ষেপ ঝরে পড়ে।
তবে বিদ্যালয়ে যাওয়ার আশা একেবারে ছেড়ে দেয়নি ডুলুছড়ি গ্রামের আদে রতন চাকমা (৬) ও নাক্কো চাকমা (৭)। তারা জানায়, গ্রামে কোনো বিদ্যালয় নেই। বিদ্যালয়ে যাওয়ার খুবই ইচ্ছা। বিদ্যালয় না থাকায় বাবা-মায়ের সঙ্গে জুমে ও বনে বাঁশ-গাছ সংগ্রহে যেতে হচ্ছে। সরকার উদ্যোগ নিলে তারা পড়তে পারবে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের সমন্বয়ক শুশোভন খীসা বলেন, বাঘাইছড়ি উপজেলায় ২২৭টি পাড়াকেন্দ্র রয়েছে। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন ও দুর্গম হওয়ায় লক্ষ্মীছড়ি ও নাড়াইছড়ি বনের পাশের গ্রামগুলোতে এখনো পাড়াকেন্দ্র গড়ে তোলা সম্ভব হয়নি।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, সাজেক ইউনিয়নে আটটি সরকারি ও ২৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সাজেক ইউনিয়ন বড় হওয়ায় এখনো অনেক গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করা যায়নি।