বিদ্যালয়ে যেতে ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইন্দং উচ্চবিদ্যালয়ের আদিবাসীপাড়ার এই শিক্ষার্থীরা এখনো বিদ্যালয়ে যাচ্ছে না  প্রথম আলো
তাইন্দং উচ্চবিদ্যালয়ের আদিবাসীপাড়ার এই শিক্ষার্থীরা এখনো বিদ্যালয়ে যাচ্ছে না প্রথম আলো

মাটিরাঙার বগাপাড়ার বাসিন্দা পরানী চাকমা। তাইন্দং উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সামনে তার জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি)। প্রস্তুতির জন্য বিদ্যালয়ের ক্লাস আর পড়া নিয়ে ব্যস্ত থাকার কথা। কিন্তু কী পড়বে সে, বিদ্যালয়েই তো যাওয়া হচ্ছে না। ভয়ে সাহস হচ্ছে না পাড়ার বাইরে যাওয়ার।
পরানীর মতো একই অবস্থা নবম শ্রেণীর চিত্তরানী চাকমা, অষ্টম শ্রেণীর সেলিনা চাকমা, সপ্তম শ্রেণীর রুবিনা চাকমাসহ ৭০ থেকে ৮০ জন আদিবাসী শিক্ষার্থীর।
সরেজমিনে তাইন্দংয়ে গিয়ে দেখা যায়, পরিস্থিতি এখন শান্ত। কিন্তু আতঙ্ক কাটেনি। আদিবাসী লোকজন বাড়িঘরে ফিরলেও পাড়ার বাইরে যেতে সাহস পাচ্ছেন না। ভয়ে বিদ্যালয়ে যাচ্ছে না তাইন্দং উচ্চবিদ্যালয়ের আদিবাসীপাড়ার শিক্ষার্থীরা।
জানা যায়, আতঙ্ক কাটাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যামিনীপাড়া জোনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পরিবহনের জন্য একটি জিপ ভাড়া করে দেওয়া হয়েছিল। কিন্তু সেটি তিন দিন (১৮ থেকে ২০ আগস্ট) চলাচলের পর এখন বন্ধ রয়েছে। ফলে হেঁটে চার কিলোমিটার দূরের বিদ্যালয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীদের অভিভাবকেরা।
৪ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় এলাকাবাসী তাঁদের ছেলেমেয়েদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াতের জন্য জিপের ব্যবস্থা করা এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় নিম্নমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান।
প্রসঙ্গত, মাটিরাঙা উপজেলার সীমান্তবর্তী তাইন্দংয়ে কথিত অপহরণের গুজবকে কেন্দ্র করে গত ৩ আগস্ট আদিবাসী গ্রাম বগাপাড়া, বান্দরসিংপাড়া, সর্বেশ্বরপাড়া, মনুদাসপাড়ার অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
শিক্ষার্থীরা জানায়, বিজিবির ব্যবস্থাপনায় তারা তিন দিন বিদ্যালয়ে গেছে। তখন শিক্ষকেরা তাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে অনুরোধ জানান। কিন্তু শিক্ষকদের অভয় সত্ত্বেও ভরসা পাচ্ছে না তারা।
বগাপাড়ার কার্বারি বিনয় চাকমা (৫০) বলেন, ‘এ ব্যাপারে আমরা স্থানীয় বিজিবি যামিনীপাড়া জোন কমান্ডারের সহযোগিতা চেয়েছি। আমরা দাবি করেছিলাম ছাত্র-ছাত্রীদের আতঙ্ক দূর করতে অন্তত ১৫ দিন একটি জিপের ব্যবস্থা করা হোক।
দাবির পরিপ্রেক্ষিতে বিজিবি কমান্ডার এক সপ্তাহ গাড়ির ব্যবস্থা করার আশ্বাস দেন। কিন্তু গাড়ি আসে তিন দিন। এখন গাড়িও আসে না, ছাত্র-ছাত্রীরাও বিদ্যালয়ে যায় না।
বিজিবির যামিনীপাড়া জোনের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর শিহাব উদ্দিন বলেন, ছাত্র-ছাত্রীদের আতঙ্ক দূর করতে আমি তিন দিন গাড়ির ব্যবস্থা করে দিয়েছি। এখন পথে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।
আদিবাসী শিক্ষার্থীরা যাতে ইভ টিজিংয়ের শিকার না হয় সে ব্যবস্থা করেছি। যেসব জায়গায় ইভ টিজিং করার আশঙ্কা আছে, সেখানে পুলিশ মোতায়েন করার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করেছি।
তাইন্দং উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘ঘটনার পর থেকে আদিবাসী শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে বলে আমরাও শুনেছি। এ জন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জানিয়েছি, বিদ্যালয়ে এলে নিরাপত্তার সমস্যা হবে না।’