বিদ্যালয়ের ভবন নির্মাণের পাঁচ বছরেই জরাজীর্ণ!

খাগড়াছড়ির দীঘিনালার ১ নম্বর মেরুং ইউনিয়নের দুর্গম রসিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের পাঁচ বছরেই জরাজীর্ণ হয়ে পড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ভবন নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকদের।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, ভবন নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করলেও সেই সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কোনো ব্যবস্থা নেয়নি, বরং এলজিইডি প্রাক্কলিত ব্যয়ের চেয়ে এক লাখ ৪৬ হাজার বেশি দরে ঠিকাদারের সঙ্গে চুক্তি করেছিল। তবে এলজিইডির উপজেলা প্রকৌশলী বিদ্যালয় ভবন পরিদর্শন না করে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রসিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের চারটি কক্ষেরই জরাজীর্ণ অবস্থা। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের দেয়াল ও পিলারের পলেস্তরা খসে পড়েছে। বিদ্যালয়ের প্রঞ্চম শ্রেণির শিক্ষার্থী জ্যোৎস্না চাকমা, খুশি চাকমা ও রেকি চাকমা জানায়, প্রায়ই বিদ্যালয়ের ছাদ থেকে পলেস্তরা খসে পড়ে। এমন পরিস্থিতে বিদ্যালয়ে যেতে ভয় লাগে তাদের।
ছোট মেরুংপাড়া এলাকার বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, ২০০৮ সালের শেষের দিকে বিদ্যালয় ভবনটি যখন নির্মাণ করা হয়, তখন নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছিলেন ঠিকাদার। তাঁরা এলজিইডির কাছে অভিযোগও করেছিলেন। কিন্তু উল্টো তাঁদের বলেছে, বিদ্যালয় ভবন নির্মাণের কাজ নিয়ে কোনো অভিযোগ করলে ভবন নির্মাণ বাতিল হয়ে যাবে। তখন তাঁরা আর কোনো প্রতিবাদ করেননি। এখন বিদ্যালয় ভবনের এমন অবস্থা হয়েছে যে সন্তানদের পাঠাতে ভয় করে। কখন বিপদ হয়, এ আশঙ্কায় থাকেন তঁারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুক্রসেন চাকমা বলেন, ‘এ বিদ্যালয়ের ১৩২ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক আছেন। তাঁরা সবাই ঝুঁকি নিয়ে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে বাধ্য হচ্ছেন। বিদ্যালয় ভবনটি নির্মাণের সময় অনেক প্রতিবাদ করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। ভবনটি আপাতত সংস্কার করার জন্য উপজেলা শিক্ষা কার্যালয়ের সমন্বয় সভায় বলেছি, কিন্তু তাতেও কাজ হয়নি।’
এলজিইডির কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, রসিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয় ২০০৮-০৯ অর্থবছরে। বিদ্যালয় ভবনের দরপত্র আহ্বান করার সময় প্রাক্কলিত মূল্য ছিল ১৫ লাখ ২৭ হাজার টাকা। পরে দরপত্র আহ্বানের পর এলজিইডির কর্মকর্তারা প্রাক্কলিত মূল্যের চেয়ে এক লাখ ৪৬ হাজার টাকা বেশি দরে ১৬ লাখ ৭৩ হাজার টাকার চুক্তি করে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে। ২০০৮ সালের ২৬ মে বিদ্যালয় ভবনের কাজ শুরু হয় এবং একই বছরের ২৬ নভেম্বর কাজ শেষ হয়।
এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল হক বলেন, বিদ্যালয় ভবন নির্মাণের সময়ে তিনি ছিলেন না। ভবন নির্মাণের পাঁচ বছরের মধ্যে এমন জীর্ণ দশা হওয়ার কথা নয় বলে মন্তব্য করেন তিনি। তবে তিনি বিদ্যালয় ভবনটি পরিদর্শন না করে নিম্নমানের কাজ হয়েছে কি না, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।