বিদ্যালয় থেকে শিশুরা ঝরে পড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের যে ২২টি দেশ প্রথম জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুসমর্থন করেছিল, বাংলাদেশ তার মধ্যে একটি। ১৯৯১ সালের ২ সেপ্টেম্বর থেকে এই সনদের বাস্তবায়ন বাংলাদেশের জন্য আবশ্যকীয় হয়। কিন্তু ২১ বছর পেরিয়ে গেলেও এই সনদের অধিকাংশ বিষয়ের মতো শিশুর শিক্ষার বিষয়টিও উপেক্ষিত থেকে গেছে। বিদ্যালয়ে ভর্তি হলেও অনেক শিশু পড়ালেখা শেষ করছে না, প্রতিবছর বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। আবার অনেক শিশু বিদ্যালয়ে ভর্তিই হচ্ছে না। প্রতিবন্ধী, আদিবাসী, দলিত-হরিজন সম্প্রদায়, হাওর ও পাহাড়ি এলাকার অনেক শিশু এখনো বিদ্যালয়ে যাওয়ারই সুযোগ পাচ্ছে না।সরকারি হিসাবে সারা দেশের ৯৯ শতাংশের বেশি শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করা হয়েছে। কিন্তু প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই প্রায় ৪০ শতাংশ শিশু বিদ্যালয় থেকে ঝরে পড়ছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হলেও শিশুদের ঝরে পড়ার হার কমছে না।বাংলাদেশ প্রাইমারি এডুকেশন অ্যানুয়াল সেক্টর পারফরম্যান্স রিপোর্ট (এএসপিআর) ২০১২ অনুযায়ী, বর্তমানে ৬ থেকে ১০ বছর বয়সী প্রায় ২৬ লাখ শিশু বিদ্যালয়ে যাচ্ছে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালিত ২০১১ সালের সর্বশেষ জরিপ অনুযায়ী, ২০০৬ ও ২০০৭ সালে প্রাথমিক বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়ার হার ছিল ৫০.৫ শতাংশ, ২০০৮ সালে ৪৯.৩ এবং ২০০৯ সালে ৪৫.১ শতাংশ। ২০১০ সালে পরিচালিত গবেষণায় দেখা গেছে, ঝরে পড়ার হার ৩৯.৮ শতাংশ। এর মধ্যে ছেলেশিশু ৪০.৩ ও মেয়েশিশু ৩৯.৩ শতাংশ।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১১ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এক লাখ ৭৫ হাজার ২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এ সংখ্যা এর আগের দুই বছরের তুলনায় বেশি।২০০৮ সালে এডুকেশন ওয়াচ পরিচালিত গবেষণায় দেখা গেছে, পঞ্চম শ্রেণী শেষ করার আগে প্রায় ৫০ শতাংশ শিশু ঝরে পড়ে। এই ৫০ শতাংশ শিশুর মধ্যে ছেলে ৫১.৭ ও মেয়ে ৪৮.৩ শতাংশ।প্রতিষ্ঠানটির গবেষণায় আরও দেখা গেছে, বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার শহরে ৩০.৪ এবং গ্রামে ৫২.৪ শতাংশ। শহর থেকে গ্রামে শিশু ঝরে পড়ার হার অনেক বেশি। বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চল, পাহাড়ি এলাকা ও দ্বীপ এলাকার শিশুরা বিদ্যালয় থেকে ঝরে পড়ছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। বর্তমানে দেশের ৯৬ উপজেলায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের খাবার সরবরাহ করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় নেই, এমন এলাকায় নতুন করে এক হাজার ৫০০টি বিদ্যালয় তৈরির কাজ চলছে। শিশুদের শেখার পদ্ধতি যাতে আরও আনন্দময় হয়, সে বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় এনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গ্রামীণ এলাকার ঝরে পড়া শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে কাজ করছে। ৪৮টি উপজেলায় রিচিং আউট অব স্কুল চিলড্রেন (আরওএসসি) প্রকল্পের আওতায় বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের আলাদা বিদ্যালয়ের মাধ্যমে পাঠদান করা হচ্ছে। এটি আরও ১০০টি স্থানে খোলার প্রক্রিয়া চলছে। সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ইউনিসেফ, সিডাসহ কয়েকটি দাতা সংস্থার সহায়তায় ২০০৪ থেকে ২০১২ সালের মধ্যে শহরের কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্পের (বিইএইচটিআরইউডব্লিউসি) আওতায় ১০ থেকে ১৩ বছর বয়সের প্রায় এক লাখ ৬৬ হাজার শিশুকে উপানুষ্ঠানিক শিক্ষা দিয়েছে। বর্তমানে মৌলিক শিক্ষাপ্রাপ্ত ১৪ বা এর বেশি বয়সী প্রায় ১২ হাজার ৬০০ শিক্ষার্থী একই প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছে।ব্র্যাকের গবেষণা মূল্যায়ন বিভাগের প্রকল্পপ্রধান সমীর রঞ্জন নাথ বলেন, বর্তমানে ব্র্যাক সারা দেশে ২২ হাজার বিদ্যালয়ের মাধ্যমে শিশুদের পাঠদান করছে। শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ব্র্যাক পাঠদানে আনন্দ, মা-বাবার সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন কাজ করছে।২০১১ সালের জুলাই মাস থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) নামের পাঁচ বছরের একটি কর্মসূচি হাতে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ কর্মসূচির আওতায় ছয়টি বিভাগের প্রতিটি জেলা শহরের ১০ থেকে ১৪ বছর বয়সী ১৫ লাখ শিশুর বিদ্যালয়ে পড়ানোর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচিতে সহায়তা করছে ইউনিসেফ।এ ছাড়া ঝরে পড়া শিশুর সংখ্যা কমিয়ে আনতে সরকারের পাশাপাশি কাজ করছে আরও বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান, যাদের বেশির ভাগই গরিব ও দুস্থ শিশুদের নিয়ে কাজ করে। এদের মধ্যে রয়েছে প্ল্যান বাংলাদেশ, ঢাকা আহ্ছানিয়া মিশন, সেভ দ্য চিলড্রেন, জাগরণী চক্র, অপরাজেয় বাংলাদেশসহ আরও কিছু বেসরকারি সাহায্য সংস্থা।