বিদ্যালয় দূরে, পড়ায় মন নেই শিশুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্কুলে যেতে হলে আসা-যাওয়ায় প্রায় আট কিলোমিটার হাঁটতে হয়। পড়তে মন চায় কিন্তু এত দূরে হেঁটে যেতে ভালো লাগে না। তাই সারা দিন পাড়ায় ঘুরে ঘুরে কাটাই।’ দক্ষিণ অলিনগর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ১২ বছর বয়সী শিশু শাহাদাত হোসেন জানায় তার বিদ্যালয়ে না যাওয়ার কারণ। শুধু শাহাদাত হোসেন নয়, এখানকার অধিকাংশ শিশু বিদ্যালয়ে যায় না। জানা যায়, প্রকল্পের সমিতি কার্যালয়ে প্রথম দিকে একটি গণশিক্ষাকেন্দ্র চালু করা হলেও পরে তা বন্ধ হয়ে যায়। সেখানে কোনো শিক্ষক থাকতে চান না। ছায়াবীথি ব্যারাকের ৫১ নম্বর ঘরের মো. ইউছুফ জানান, আশ্রয়ণ প্রকল্পে বিদ্যালয়ে যাওয়ার উপযোগী প্রায় এক হাজার শিশু থাকলেও বিদ্যালয়ের অভাবে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। প্রকল্প এলাকার মাত্র ৩৫ থেকে ৪০ জন শিশু চার কিলোমিটার দূরে করেরহাটে গিয়ে লেখাপড়া করে। ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও খিল হিংগুলী মানবিবি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী আফছা বিবি জানায়, প্রতিদিন তিন কিলোমিটার হেঁটে বিদ্যালয়ে যেতে হয়। এত দূর হেঁটে বিদ্যালয়ে যাওয়ার কারণে সপ্তাহে তিন-চার দিন তাকে অসুস্থতায় ভুগতে হয়। করেরহাট মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র বেলায়েত হোসেন জানায়, প্রতিদিন চার কিলোমিটার পথ হেঁটে মাদ্রাসার যেতে হয়। তাও দূরত্বের কারণে প্রতিদিন মাদ্রাসায় যাওয়া হয় না। সূত্র জানায়, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পাহাড়ের ওপর গেড়ামারা ও দক্ষিণ অলিনগর এলাকায় আশ্রয়ণ প্রকল্প গড়ে তোলা হয়। ২০০০ সাল থেকে এ পর্যন্ত তিন ধাপে ওই প্রকল্পে ৩৭০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়েছে এখানে। বর্ণিল ব্যারাকের ৭৯ নম্বর ঘরের গৃহিণী পারুল বেগম জানান, আশ্রয়ণ প্রকল্প থেকে প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব প্রায় তিন কিলোমিটার আর উচ্চবিদ্যালয়ের দূরত্ব প্রায় চার কিলোমিটার। ছেলেমেয়েদের এত দূরে বিদ্যালয়ে পাঠানো সম্ভব হয়ে ওঠে না। পারুল বেগমের বিদ্যালয়ে যাওয়ার উপযোগী দুটি সন্তান রয়েছে। দক্ষিণ অলিনগর আশ্রয়ণ প্রকল্প এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা সম্পর্কে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন-আর-রশিদ বলেন, মিরসরাই উপজেলায় নয়টি প্রাথমিক বিদ্যালয় নতুন করে স্থাপনের জন্য তালিকা পাঠানো হয়েছিল। এর মধ্যে দক্ষিণ অলিনগর, দক্ষিণ অলিনগর আশ্রয়ণ প্রকল্প এলাকা ও ইসলামপুরে তিনটি নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। অর্থ ছাড় পেলে কাজ শুরু হবে। এদিকে, আশ্রয়ণ প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, প্রকল্প এলাকার মানুষের যোগাযোগের একমাত্র সড়কটির নাজুক অবস্থা। বারইয়ারহাট-করেরহাট সড়ক থেকে সিএনজিচালিত অটোরিকশা অথবা রিকশা নিয়ে প্রকল্পে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রকল্পের অধিবাসীরা জানান, সড়কের অসুবিধার কারণে এলাকায় কোনো চিকিৎসক আসতে চান না। কেউ অসুস্থ হয়ে পড়লে করেরহাটে নিয়ে যেতে দীর্ঘ সময় লাগে। প্রকল্প এলাকা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ২৮ কিলোমিটার আর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ১০ কিলোমিটার দূরে। সরকারি স্বাস্থ্যকর্মীরাও সেখানে যান না। এ ছাড়া সুপেয় পানিরও অভাব রয়েছে।