ফেনীর সোনাগাজী উপজেলার শত বছরের প্রাচীন দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পাঁচ মাস আগে ফেনী নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রামের একটি বেসরকারি ফোরকানিয়া মক্তবে নিয়ে গাদাগাদি করে শ্রেণীর কাজ চালানো হচ্ছে। তাও ২৪২ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র দুজন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহীম ভূঁঞা ও এলাকার লোকজন জানান, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থানীয় বহদ্দারহাট এলাকায় ১৯০০ সালে স্থাপিত হয়। প্রাচীন এ বিদ্যালয়ের পাশ দিয়ে বয়ে গেছে ফেনী নদী। সোনাগাজীসহ ফেনী জেলা ও পার্শ্ববর্তী মিরসরাই উপজেলাবাসীর কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৮৪ সালে ফেনী নদীর থাক খোয়াজের লামছি গ্রাম এলাকায় একটি রেগুলেটর স্থাপন করা হয়। বর্ষা মৌসুমে চাষাবাদের সুবিধার জন্য জোয়ারের সময় রেগুলেটরের ফটক বন্ধ করে সাগরের লোনাপানি আটকিয়ে দেওয়া হয়। আবার শুষ্ক মৌসুমে রেগুলেটরের ফটক বন্ধ করে উজানের পানি আটকিয়ে বিশাল এলাকায় বোরোর চাষ করা হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রেগুলেটর স্থাপনের সময় নদীর গতিপথ কিছুটা পশ্চিমে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে রেগুলেটরের ভাটি এলাকার মানুষের দুর্ভোগ শুরু হয়। প্রতিবছর নদীর পশ্চিম-উত্তর তীরে শুরু হয় তীব্র ভাঙন। বাঁকা নদী সোজা করা এবং নদীভাঙনের হাত থেকে রক্ষার জন্য এলাকাবাসী বহু সভা-সমাবেশ, মানববন্ধন ও প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। এতে কোনো ফল হয়নি। উল্টো বিভিন্ন সময় নদীভাঙনে গ্রামের দুটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়সহ বহু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।এভাবে ভাঙনে গত বছর সেপ্টেম্বরের শুরুতে দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও নদীগর্ভে বিলীন হয়ে যায়। ফলে বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর পড়ালেখা নিয়ে শিক্ষক ও অভিভাবকেরা বিপাকে পড়েন।এ অবস্থায় বিদ্যালয়ের পাশে বিদ্যালয়ের কমিটির সভাপতি মাওলানা জিয়াউল হকের জমির ওপর স্থাপিত একটি মক্তবের ঘরে ওই শিক্ষার্থীদের শ্রেণীর কাজ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত সাড়ে পাঁচ মাস ওই ছোট টিনের ছাউনির বাঁশের বেড়ার মক্তব ঘরেই চলছে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীর কাজ।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইব্রাহীম ভূঁঞা প্রথম আলোকে জানান, বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে তিনিই একমাত্র নিয়মিত শিক্ষক। উপজেলার ওলমা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অন্য একজন শিক্ষক প্রেষণে এনে কাজ চালাতে হচ্ছে। প্রশাসনিক কোনো কাজে একজন উপজেলা সদরে গেলে তখন শিক্ষক থাকেন মাত্র একজন। এতে শিক্ষার্থীদের লেখাপড়া দারুণভাবে ব্যাহত হয়।প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার আগে শিক্ষার্থী ছিল তিন শতাধিক। শ্রেণীর কাজ মক্তবে শুরু হওয়ার পর বেশ কিছু শিক্ষার্থী অন্যত্র চলে গেছে।চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে লেখাপড়ার জন্য বিদ্যালয়ের একটি নিজস্ব ভবন খুবই জরুরি।’ তিনি জানান, এলাকার সুলতান আহমদ নামে একজন শিক্ষানুরাগী ব্যক্তি ইতিমধ্যে বিদ্যালয় ভবন নির্মাণের জন্য ৩৩ শতক জমি দান করেছেন। সরকারি সিদ্ধান্ত হলে ওই জমিতে বিদ্যালয় ভবন তৈরি করা হবে।