বিদ্যালয় নির্মাণের বরাদ্দ আছে, জায়গা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় নতুন তিনটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য অর্থ বরাদ্দ পাওয়া যায় গত বছরের জুলাই মাসে। এর মধ্যে একটি বিদ্যালয়ের নির্মাণকাজ চলছে। কিন্তু বাকি দুটি বিদ্যালয়ের জন্য এখনো জমি নির্বাচন করাও সম্ভব হয়নি। বিদ্যালয়ের জন্য ব্যক্তিমালিকানাধীন জমি দিতে রাজি হচ্ছেন না কেউ।উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের শুরুতে সরকার নতুন করে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে মহেশখালীর ২৬টি গ্রাম বিদ্যালয়বিহীন হিসেবে চিহ্নিত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গত বছরের ৭ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দেন। পরে সারা দেশে এক হাজার ৫০০টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় মহেশখালী পৌর এলাকার সিকদারপাড়া ও উত্তর ঘোনারপাড়া এবং হোয়ানক ইউনিয়নের ডেইল্যাঘোনায় তিনটি নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে ডেইল্যাঘোনায় বিদ্যালয় নির্মাণের কাজ চলছে। স্থানীয় ব্যক্তিরা এই ৩৩ শতক জমি দান করেছেন।ডেইল্যাঘোনার বাসিন্দা ও কালারমারছড়ার মির্জিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মোরশেদ আলম বলেন, স্থানীয় লোকজনের চাঁদায় ২০০৩ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৩৩ শতক জমি কেনা হয়। এরপর সেখানে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। কিন্তু ২০১০ সালে এসে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। ওই জমিটুকু নতুন বিদ্যালয়ের নামে দান করে দেওয়া হয়েছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর প্রথম আলোকে বলেন, মহেশখালীতে ২৬টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। এর মধ্যে তিনটি গ্রামে বিদ্যালয় স্থাপনের বরাদ্দ পাওয়া যায়। কিন্তু তাতেও বিপত্তি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিদ্যালয় স্থাপনের জন্য একসঙ্গে ৩৩ শতক জমি প্রয়োজন। সিকদারপাড়া ও উত্তর ঘোনারপাড়ায় সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত কোনো জমিতে বিদ্যালয় স্থাপনের জন্য পর্যাপ্ত জমি নেই। ব্যক্তি মালিকানার জমি দিতে কাউকে রাজি করানো যাচ্ছে না। এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনটি বিদ্যালয় স্থাপনের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ৫০ লাখ টাকা ব্যয়ে হোয়ানকে ডেইল্যাঘোনায় একটি বিদ্যালয়ের নির্মাণকাজ চলছে। বাকি দুটি বিদ্যালয়ের জন্য আগামী জুনের মধ্যে যদি জমি নির্বাচন করা না যায় তা হলে বরাদ্দ হওয়া অর্থ ফেরত যাওয়ার আশঙ্কা রয়েছে।