বিদ্যালয় নয় যেন বিচ্ছিন্ন দ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিলার ওপরে অবস্থিত বিদ্যালয়টির চারপাশে থইথই পানি। টানা বর্ষণে নদীর পানি বেড়ে ডুবে গেছে যাতায়াতের রাস্তা। পানি ডিঙিয়ে বিদ্যালয়ে আসতে পারছে না শিক্ষার্থীরা। তাই আপাতত বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার লেমুছড়ি উচ্চবিদ্যালয়ের এখন এই দশা। চেঙ্গী নদীর পানি বাড়ায় তীরে অবস্থিত বিদ্যালয়টি যেন বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়েছে। বর্ষায় প্রতিবছরই এমন সমস্যা দেখা দেয়। নদীর পানি না কমা পর্যন্ত বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করা যায় না। তবে কখন পানি কমবে বলতে পারছেন না কেউই। পাঠদান বন্ধ থাকায় লেখাপড়ার ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের।
১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি মহালছড়ি উপজেলার বদানালা এলাকায় অবস্থিত। যে এলাকায় বিদ্যালয়টির অবস্থান তার পাশেই একসময় খাগড়াছড়ি-মহালছড়ি সড়ক ছিল। তবে ফিবছর প্লাবনের কারণে সড়কটি আরও দেড় কিলোমিটার দূরে স্থানান্তরিত হয়। কিন্তু অবস্থান পরিবর্তন হয়নি বিদ্যালয়টির।
৩ আগস্ট সরেজমিনে দেখা যায়, টানা বর্ষণে চেঙ্গী নদীর পানি বেড়ে বিদ্যালয়ের চারপাশ প্লাবিত হয়েছে। নৌকায় করে বিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষার্থীর দেখা মেলেনি। কয়েকজন শিক্ষককে দেখা গেল অলস সময় কাটাতে। দাপ্তরিক কাজে তাঁরা বিদ্যালয়ে এসেছেন বলে জানান। শিক্ষকেরা বলেন, পানিতে যাতায়াতের রাস্তা ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেনি। তাই শিক্ষা কার্যক্রমও আপাতত বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন প্রদীপ চাকমা বলেন, পানি স্থায়ীভাবে দীর্ঘদিন থাকলে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করা যেত। কিছুদিন পর পানি কমে গেলে নৌকা চলাচল করার মতো গভীরতা থাকবে না। তখনো অবশ্য কাদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে আসতে হবে শিক্ষার্থীদের। প্রতিবছরই শিক্ষক-শিক্ষার্থীদের এমন সমস্যা মোকাবিলা করতে হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিমল কান্তি চাকমা বলেন, বিদ্যালয়ের প্রধান সমস্যা যোগাযোগব্যবস্থা। বর্ষায় চেঙ্গী নদীর পানি বাড়লে বিদ্যালয়ের চারদিকেই পানি জমে। আর কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়লেও পানিবন্দী থাকে বিদ্যালয়টি। ইট বিছানো রাস্তাটি উঁচু করা হলে দুর্ভোগ কমবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী জানান, বিদ্যালয়টি এখন পানিবন্দী অবস্থায় আছে। যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।