বিদ্যালয় ভবনে তিন ইউপির কার্যালয়!
কক্সবাজারের মহেশখালী উপজেলায় তিন বিদ্যালয় ভবনে চলছে ধলঘাটা, কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যক্রম। ফলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এ নিয়ে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা বরাবর কয়েকবার লিখিত অভিযোগও করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে আলাপে জানা গেছে, উপজেলার ধলঘাটা, কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নেই। এ জন্য ধলঘাটা ইউপির কার্যক্রম সুতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে, কালারমারছড়া ইউপি চিকনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে ও হোয়ানক ইউপির কার্যক্রম চলছে টাইমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে।
সরেজমিনে দেখা গেছে, তিন বিদ্যালয়েই বর্তমানে শ্রেণীকক্ষের সংকট দেখা দিয়েছে। সুতরিয়া ও টাইমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে ভবনের নিচের খোলা জায়গায়।
সুতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক বলেন, এমনিতে শ্রেণীকক্ষ-সংকট লেগেই আছে। তার মধ্যে ২০১১ সালের এপ্রিল মাসে বিদ্যালয়ের একটি ভবন দখল করে ইউপি কার্যালয় করায় সংকট আরও বেড়েছে। এতে শিশু শ্রেণীর পাঠদান চলছে ভবনের নিচের খোলা জায়গায়। তিনি জানান, বিদ্যালয় ভবন থেকে পরিষদের কার্যালয় সরিয়ে নিতে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে কয়েকবার লিখিত অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না।
টাইমবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলতান আহমদ বলেন, চেয়ারম্যানকে বেশ কয়েকবার বলা হলেও বিদ্যালয়ের ভবন ছাড়ছেন না। ফলে এ নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
হোয়ানক ইউপি চেয়ারম্যান এনামুল করিম চৌধুরী জানান, আশপাশে বিকল্প ভবন না থাকায় আপাতত বিদ্যালয়ের ভবনে পরিষদের কার্যক্রম চলছে। জমি নিয়ে জটিলতায় নতুন করে ইউপি ভবন নির্মাণ করা যাচ্ছে না।
ধলঘাটা ইউপির চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘স্থায়ী ভবন নির্মাণের জন্য ধলঘাটা উচ্চবিদ্যালয়ের পাশে জমি নেওয়া হয়েছে। আশা করছি, এক বছরের মধ্যে ভবন নির্মাণ করা হবে।’ কালারমারছড়া ইউপির চেয়ারম্যান মির কাসেম চৌধুরী জানান, জমির দাম বেড়ে যাওয়ায় নির্দিষ্ট স্থানে জায়গা পাওয়া যাচ্ছে না। এ কারণে জোড়াতালি দিয়ে অস্থায়ী ভবনে পরিষদের কার্যক্রম চলছে। এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহতাবুদ্দিন বলেন, ‘বিদ্যালয় ভবন ছেড়ে দেওয়ার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগির বিদ্যালয় ভবন ছেড়ে দেওয়া হবে বলে চেয়ারম্যানরা আমাকে আশ্বস্ত করেছেন। এর পরও বিদ্যালয় ভবন ছেড়ে না দিলে সামনের উপজেলা মাসিক শিক্ষা কমিটির সভায় বিষটি উত্থাপন করা হবে।’
ইউএনও মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় আপাতত বিদ্যালয় ভবনে তিন ইউপির কার্যক্রম চলছে। এ কারণে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কিছুটা বিঘ্নিত হচ্ছে। তাই পরিষদের ভবন নির্মাণের জন্য জমি নির্ধারণ করে প্রস্তাব আকারে প্রতিবেদন দাখিল করার জন্য চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।