বিদ্যালয় মাঠে পরিচালনা পরিষদ সদস্যের পশুর হাট!
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে বসানো হয়েছে পশুর হাট। বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবদুল নবীর নেতৃত্বে এ হাট চলছে গত তিন সপ্তাহ ধরে। স্থানীয় লোকজন জানান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবদুল নবী গত বছর স্বল্প পরিসরে খেলার মাঠে পশুর হাট বসান। আর এবার স্থানীয় অনেক ব্যবসায়ী এ মাঠে পশু বেচাকেনা করছেন। এ ব্যাপারে পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। বিদ্যালয় সূত্র জানায়, খেলার মাঠটি রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের। বার্ষিক খেলাধুলা ছাড়া বিদ্যালয় মাঠটি তেমন ব্যবহার করে না। তবে রাঙ্গুনিয়া উপজেলা খেলোয়াড় সমিতির খেলোয়াড়েরা এ মাঠে নিয়মিত অনুশীলন করেন। সমিতিই মাঠ সংস্কার ও সংরক্ষণ করে। রাঙ্গুনিয়া উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ আলী বলেন, গত তিন যুগেরও বেশি সময় ধরে সমিতির খেলোয়াড়েরা এ মাঠে ফুটবল খেলে আসছে। এ মাঠে খেলে জাতীয় ফুটবল তারকা আরমান আজিজ দেশের সম্পদে পরিণত হয়েছে। আর সেই মাঠে পশুর হাট দেওয়ায় গত এক মাস ধরে ফুটবল খেলা বন্ধ রাখতে হয়েছে। তিনি আরও বলেন, গরু ব্যবসায়ী আবদুল নবী বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিবাবক সদস্য হওয়ার পর খেলার মাঠে পশুর হাট বসাচ্ছেন। পশু বাঁধার জন্য তারা খেলার মাঠে বড় বড় গর্ত খুঁড়ে বাঁশ পুঁতেছেন। শামিয়ানাসহ নানা অবকাঠামোও স্থাপন করা হয়েছে। এতে পুরো মাঠ গর্তে ভরে গেছে। রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মনিরদ্দৌলা, রাখি বড়ুয়া ও সুফিয়া শারমিন জানায়, মাঠটি বিদ্যালয়সংলগ্ন হওয়ায় শ্রেণীকক্ষে পাঠদানের সময় পশুর বর্জ্যের দুর্গন্ধে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। এতে মাথাব্যথা শুরু হয়ে যায়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবদুল নবী বলেন, উপজেলার বিভিন্ন হাটবাজারে হাসিল নিয়ে ইজারাদাররা ক্রেতা-বিক্রেতাদের মারধর ও হয়রানি করছে। হয়রানি থেকে বাঁচতে বিদ্যালয়ের খেলার মাঠে পশুর হাট বসানো হয়েছে। এতে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের কোনো ক্ষতি হচ্ছে না। আর হলেও হাট কোরবান পর্যন্ত। কোরবানির পর মাঠ সংস্কার করে দেওয়া হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বিদ্যালয় মাঠে পশুর হাট না বসানোর জন্য অভিভাবক সদস্য আবদুল নবীর কাছে অনুরোধ করা হয়। তাতে তিনি কর্ণপাত করেননি। বরং বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা ছাড়া একাডেমিক বিষয়ে কোনো কথা বলতে নিষেধ করেন। আর এ বিষয়টি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, বিদ্যালয় মাঠটি পৌরসভার অন্তর্ভুক্ত। পশুর হাট বসাতে হলে পৌরসভার অনুমোদন প্রয়োজন। তাই বিষয়টি দেখার জন্য পৌর মেয়রকে বলা হয়েছে। পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী বলেন, বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর কোনো অনুমোদন পৌরসভা দেয়নি। তবে এ হাটকে অবৈধও বলা যাবে না। কারণ বিদ্যালয় মাঠের আশপাশে আগে মরিয়মনগর চৌমুহনী বাজার বসত। বড় হওয়ায় এখন বিদ্যালয়ের খেলার মাঠে বসছে। আর হাটটি তো কোরবানি পর্যন্তই।