বিদ্যালয় মাঠে পানের হাট!

কক্সবাজারের মহেশখালী উপজেলার উত্তর নলবিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতি সপ্তাহের মঙ্গল ও শুক্রবার বসছে পানের হাট। সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত কেনাবেচা চলে এই হাটে। ফলে বিদ্যালয় চলাকালে শিক্ষার্থীদের পাঠদান বিঘ্ন ঘটছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ হাট বসানোর অনুমতি দেওয়ায় শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকেরা এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছে না।
জানা গেছে, তিন বছর ধরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের এই বিদ্যালয় মাঠে পানের হাট বসছে। আশপাশে জায়গা না থাকায় স্থানীয় জনতা বাজারের পানের ইজারাগ্রহীতা এনামুল করিম বিদ্যালয় মাঠে পানের হাট বসানোর জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নেন। এখানে হোয়ানক, কালারমারছড়া ও শাপলাপুরের চার হাজার চাষি পান বিক্রি করতে আসেন। উপজেলায় সবচেয়ে বড় পানের হাট এটি। চাষিরা জানান, প্রতি হাটে এখানে ১৫ থেকে ২০ লাখ টাকার পান বিক্রি হয়।
গত মঙ্গলবার বেলা ১১টায় সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় মাঠে পানের হাট জমজমাট। ক্রেতা-বিক্রেতার সমাগমও প্রচুর। চিত্কার-চেঁচামেচিতে সরগরম পুরো এলাকা। এদিকে পাঠদান চলছে বিদ্যালয়ে।
শিক্ষার্থীদের সঙ্গে আলাপে জানা গেছে, হাটের দিন চাষিদের হাঁকডাকে কান ঝালপালা হয়ে যায়। এর মধ্যে চলে পাঠদান। ফলে তারা কিছুই শুনতে পায় না। অনেক সময় চিত্কার করে পাঠদান করতে গিয়ে শিক্ষকেরাও ক্লান্ত হয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত হলেও প্রধান শিক্ষক এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। কারণ তিনি মাঠ ভাড়ায় দিয়ে টাকা আয় করছেন।
জানতে চাইলে জনতা বাজারের পানের হাটের ইজারাগ্রহীতা এনামুল করিম বলেন, প্রায় ছয় লাখ টাকা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে পান বাজার ইজারা নিয়েছি। কিন্তু হাট বসানোর মতো সরকারিভাবে নির্ধারিত জায়গা নেই। ফলে বাধ্য হয়ে প্রতি সপ্তাহে দুবার বিদ্যালয় মাঠে পানের হাট বসানোর জন্য ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। সরকারিভাবে জায়গা বরাদ্দ পেলে মাঠ থেকে পানের হাট সরিয়ে নেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ১৯৯৮ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সরকারিভাবে তেমন কোনো সাহায্য-
সহযোগিতা পায়নি। এমনকি এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিয়েও কোনো কাজ হচ্ছে না। ফলে, বাধ্য হয়ে বিদ্যালয় চালানোর জন্য ইজারাগ্রহীতার কাছ থেকে কিছু অনুদান নিয়ে বিদ্যালয় মাঠে পানের হাট বসানোর অনুমতি দিয়েছি।’
তবে এ নিয়ে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, বিদ্যালয় চলাকালে মাঠে পানের হাট বসার নিয়ম নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।