বিদ্যালয়টি সরকারি হলেও চাকরি হারালেন শিক্ষকেরা
মন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি হলো ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু সরকারি চাকরি হলো না ওই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নামমাত্র বেতনে পাঠদানকারী শিক্ষকদের। এতে হতাশ হয়ে পড়েছেন সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার মানুষ।
বিদ্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি ১৯৯২ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি গড়ে তোলেন। টিন দিয়ে গড়া বিদ্যালয়টির জন্য এলাকাবাসী ৩৩ শতক জমিও দান করে। বিধি অনুযায়ী বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মনসুর উদ্দিন জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, বিদ্যালয়টি সরকারীকরণ করার। ২০১২ সালের ৯ জুন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে এ ব্যাপারে ঘোষণা দেন। এতে শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। কিন্তু সম্প্রতি জানা গেল, বিদ্যালয়বিহীন গ্রাম প্রকল্পের আওতায় যে নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করা হচ্ছে এতে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তিনি প্রশ্ন রাখেন ‘যে চারজন শিক্ষক দীর্ঘদিন নামমাত্র সম্মানীতে দায়িত্ব পালন করে বিদ্যালয়টিকে টিকিয়ে রেখেছেন তাঁদের কী হবে?’ তিনি ওই চারজন শিক্ষককে চাকরিতে বহাল করার দাবি জানান।
সোনাগাজী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, মান্দারী গ্রামের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কয়েক বছর আগে থেকে চারজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান করছেন বলে তিনি শুনেছেন। সরকার সেখানে একটি নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করছে। নিয়োগপ্রাপ্ত অন্য বিদ্যালয় থেকে সেখানে প্রেষণে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। ফলে বর্তমানে কর্মরত বেসরকারি শিক্ষকদের নিয়োগের সুযোগ থাকবে না।