স্কুলে হাততালি চলবে না। উল্লাস প্রকাশ করতে হবে নীরবে। আর সে জন্য চোখে-মুখে হাসির অভিব্যক্তিই যথেষ্ট। প্রয়োজনে শূন্যে দু-হাত ছুড়তে পারবে সবাই।
সংবেদনশীল শিশুদের সুরক্ষার জন্য অস্ট্রেলিয়ার একটি বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। সিডনির উত্তরাঞ্চলীয় সৈকত এলাকার ওই প্রতিষ্ঠানের নাম এলানোরা হাইটস পাবলিক স্কুল। হাততালি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করার পক্ষে তাদের যুক্তি, উচ্চ শব্দ বা কোলাহলের প্রতি কোনো কোনো শিক্ষার্থীর ভীতি থাকে। তাদের এই সংবেদনশীলতাকে গুরুত্ব দিতে হবে। তা ছাড়া স্কুলে কোলাহল হলে কোনো কোনো শিশুর ছটফটানি বাড়ে।
স্কুলটির বিবৃতি, ‘তাদের ছাত্রসমাবেশ বা অ্যাসেম্বলিতে এখন হাততালির পরিবর্তে সবাই নীরবে আনন্দ প্রকাশ করে। কোলাহলের প্রতি সংবেদনশীল ছাত্রছাত্রীদের সুবিধার্থেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। উচ্ছ্বাস প্রকাশের ক্ষেত্রে শিক্ষকদের ইঙ্গিত অনুযায়ী শিক্ষার্থীরা নীরবেই সেটা করে। এতে তাদের শক্তির সুরক্ষা যেমন হয়, তেমনি ছটফটানির প্রবণতাও কমে।
অস্ট্রেলিয়ার বিভিন্ন স্কুলে নিয়মনীতির কড়াকড়ি নিয়ে আগেও নানা রকমের সমালোচনা হয়েছে। দেশজুড়ে ‘হাগস অ্যান্ড অস্ট্রেলিয়া ডে’ উদ্যাপনও নিষিদ্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ার একটি বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ সেখানকার শিক্ষার্থীদের মেয়ে, মহিলা এবং নারী হিসেবে সম্বোধনের পরিবর্তে লিঙ্গ-নিরপেক্ষ শব্দ বেছে নিতে বলার নির্দেশনা দিয়েছে বলে চলতি সপ্তাহের শুরুর দিকে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে ওই কর্তৃপক্ষ এ খবর অস্বীকার করেছে।