বিদ্যালয়ে না গিয়ে তারা কাজ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পড়তে চাইসিলাম (চেয়েছিলাম)। ক্লাস ফাইভ পাস করার পর সিক্সে ভর্তি হইতে চাইসিলাম। কিন্তু টাকার অভাবে পারলাম না। মাকে খুব করি ধরসিলাম স্কুলে ভর্তির জন্য। মা পারল না ভর্তি করাতে। ঘর চালাইবে, না হামাকে পড়াইবে।’ কথাগুলো বলছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের শ্রমিক মালতী হাজরার দ্বিতীয় সন্তান শিলা হাজরা (১৫)। ২০০৮ সালে সে পঞ্চম শ্রেণী পাস করেছে। টাকার অভাবে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। শিলা এখন চা-বাগানে শ্রমিকের কাজ করে। তবে নিবন্ধিত শ্রমিক নয়। তাই সব দিন কাজও জোটে না। ভাড়াউড়া চা-বাগানের শ্রমিক নিতাই ভাস্পরের ছেলে লিটন ভাস্পর (১৫)। গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাস করে কাজ নিয়েছে চা-বাগানে। সে এখন চা-বাগানের ব্যবস্থাপকের বাসভবনে মালীর কাজে নিয়োজিত।লিটন জানায়, টাকার জন্য সে শ্রীমঙ্গল শহরে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে এককালীন এক হাজার ৮০০ টাকা লাগে। মা-বাবা, এক বোন ও তিন ভাই নিয়ে তাদের পরিবারের লোকসংখ্যা ছয়জন। দৈনিক ৫৫ টাকা মজুরিতে বাবা চা-বাগানে কাজ করেন। এ টাকা দিয়ে বাবার পক্ষে খাবার জোগাড় করাই ছিল কষ্টের। তাই বাধ্য হয়ে লেখাপড়া বাদ দিয়ে কাজ নিতে হয়েছে তাকে।শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া, সোনাছড়া, খাইছড়া, জাগছড়া, কেজুরিছড়া, ভুড়বুড়িয়াসহ আরও কয়েকটি চা-বাগান ঘুরে দেখা গেছে শিলা ও লিটনের মতো বহু শিশু বিদ্যালয় থেকে ঝরে গেছে। এসব চা-বাগানে ব্র্যাক পরিচালিত কয়েকটি বিদ্যালয় থাকার পরও এ অবস্থা বিরাজমান।শ্রীমঙ্গল ছাড়াও মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ, জুড়ী, রাজনগর উপজেলার চা-বাগানগুলোতে ঘুরে একই চিত্র দেখা গেছে। শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় বিদ্যালয়ে গমনোপযোগী শিশুর সংখ্যা ৪২ হাজার ১৮৯ জন। এর মধ্যে এ বছর ছয় হাজার ২৫৩ জন বিদ্যালয়ে ভর্তি হয়নি। এদের মধ্যে চা-বাগান এলাকায় রয়েছে পাঁচ হাজার ৩৫১ জন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাস করেছিল পাঁচ হাজার ৪৮ জন। এর মধ্যে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে চার হাজার ৫১৬ জন শিক্ষার্থী। ৫৩২ জন শিশু ঝরে পড়েছে। এদের অধিকাংশই চা-বাগানের শ্রমিকের সন্তান।মৌলভীবাজার জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দিন প্রথম আলোকে জানান, শিশু একাডেমীর উদ্যোগে রাজনগর, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের ২০টি চা-বাগানের ১৫৯টি কেন্দ্রে প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে। ২০১০ সালের ১ জানুয়ারি এ কার্যক্রম চালু হয়েছে। গত বছর এসব কেন্দ্র থেকে চার হাজার ৭৭০ জন শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। তবে স্কুলে ভর্তি হলেও কতজন শেষ পর্যন্ত নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে, তার কোনো সঠিক তথ্য নেই।একই চিত্র দেখা যায় হবিগঞ্জের বাগানগুলোতেও। এসব বাগানের ৯০ ভাগ শিশু এ রকম তৃতীয় বা চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে শিক্ষাজীবন থেকে ঝরে পড়ছে। হবিগঞ্জ জেলা প্রশাসন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও চা-বাগান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর, বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় মোট চা-বাগানের সংখ্যা ২৩টি। চা-বাগানগুলোতে বসবাসকারী শিশুর সংখ্যা লক্ষাধিক। এর বিপরীতে সরকারি বিদ্যালয় রয়েছে মাত্র ১০টি, নিবন্ধিত সাতটি এবং বাগান পরিচালিত স্কুলের সংখ্যা ২১টি।সরেজমিন ঘুরে এবং অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি ও নিবন্ধিত বিদ্যালয়গুলোতে কিছু পড়াশোনা হলেও বাগান-পরিচালিত বিদ্যালয়গুলোর অবস্থা একেবারেই নাজুক। বিদ্যালয় থাকলেও শিক্ষক নেই। শিক্ষক থাকলে শিক্ষার্থী নেই।হবিগঞ্জ রেমা চা-বাগানের বাসিন্দা শিশু শংকর রাজগড় (১৪) জানায়, তার বাগানে কোনো বিদ্যালয় নেই, যে কারণে সে বিদ্যালয়ে যায় না। সারা দিন দুটি গাভিকে ঘাস খাওয়ানো ও দেখাশোনা করাই তার কাজ।চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা-বাগানের শিশু সুরঞ্জন বাউরী (১৩) জানায়, তাদের বাড়ি থেকে বিদ্যালয় তিন কিলোমিটার দূরে। এ দূরত্বের কারণে সে বিদ্যালয়ে যায় না। সে এখন মাটি কাটার কাজ করে।হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম বলেন, সরকারি বিদ্যালয়গুলোতে শতভাগ শিক্ষার্থী ভর্তি করা হলেও বাগান এলাকায় তা হয়ে ওঠে না। বাগানগুলোতে বছরে কী পরিমাণ শিশু শিক্ষা থেকে ঝরে পড়ছে, তার পরিসংখ্যান চাইলে এর হিসাব তাঁদের কাছে নেই বলে জানান এই শিক্ষা কর্মকর্তা।