বিদ্যালয়ে বাড়তি ফি আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিশুশ্রেণীতে ভর্তি ফি নেওয়া হচ্ছে ১০ হাজার টাকা। গত বছর ছিল সাড়ে সাত হাজার টাকা।পুনঃভর্তি ফি নেওয়া হচ্ছে সাড়ে সাত হাজার টাকা। গত বছর ছিল পাঁচ হাজার টাকা। চান্দগাঁও রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি ফি ১০ হাজার টাকা ও পুনঃভর্তি ফি ছয় হাজার টাকা নেওয়া হচ্ছে। সরকারের নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভর্তি ফি পাঁচ হাজার টাকা। বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে ভর্তি ফি নির্ধারণ ও আদায়ের কথা।শুধু ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ নয়, নগরের খ্যাত-অখ্যাত প্রায় সব প্রতিষ্ঠানে বাড়তি ফি নেওয়া হচ্ছে। পাশাপাশি অযৌক্তিক হারে বাড়ানো হয়েছে মাসিক বেতন। অভিভাবকদের অভিযোগ, কর্তৃপক্ষ সরকারের নীতিমালা মানছে না। মাত্রাতিরিক্ত ফির কারণে নামী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্তানদের পড়ানো কঠিন হয়ে পড়েছে। একটি সরকারি কলেজের অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁর তিন সন্তান পড়ালেখা করে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। তাঁকে ২২ হাজার ৫০০ টাকা পুনঃভর্তি ফি পরিশোধ করতে হচ্ছে। তিনি বলেন, ‘১৯৯৯ সালে আড়াই হাজার টাকা ফি দিয়ে ভর্তি করিয়েছিলাম। পাঁচ বছরের ব্যবধানে ভর্তি ফি ও পুনঃভর্তি ফি পাঁচগুণ বাড়বে তা কল্পনাও করিনি। এত টাকা পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। এখন না পারছি সন্তানদের এখানে পড়াতে, না পারছি অন্য প্রতিষ্ঠানে নিয়ে যেতে।’জানা যায়, ইস্পাহানী স্কুলে প্রতিবছর ফি বাড়ানো হয়। ১৯৯৯ সালে শিশুশ্রেণীতে ভর্তি ফি ছিল আড়াই হাজার টাকা, ২০০৬ সালে তিন হাজার, ২০০৭ সালে সাড়ে তিন হাজার টাকা এবং ২০০৮ সালে পাঁচ হাজার টাকা করা হয়েছে।অভিভাবকেরা জানান, অনুমোদিত ও অনুমোদনহীন বিদ্যালয়গুলোতে শ্রেণী উত্সব, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ, হাতের লেখা প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, শিক্ষাভ্রমণ, কম্পিউটার শিক্ষা, গ্রন্থাগার ফি আদায় করা হয়। কিন্তু বেশির ভাগ বিদ্যালয়ে এসব সুবিধা নেই। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যালয় থেকে বেশি দামে বই-খাতা, ডায়েরি কিনতে হয় শিক্ষার্থীদের। পোশাক কিনতে হয় বিদ্যালয়ের পছন্দের দোকান থেকে। ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজে মাসিক বেতন ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছে। প্রতিষ্ঠানের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছে অভিভাবকেরা। ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুব হোসেন এ ব্যাপারে বলেন, ‘শিক্ষকদের এক টাকাও কেউ বেশি দিতে চান না। আমরা কষ্ট করি, প্রচুর শ্রম দিই, সেই তুলনায় সুযোগ-সুবিধা পাই না।’ তিনি প্রশ্ন করেন, ‘১০ হাজার টাকা ভর্তি ফি কি খুব বেশি? মেডিকেল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো লাখ লাখ টাকা নিচ্ছে। এ ব্যাপারে কেউ কোনো কথা বলেন না।’এ ছাড়া অংকুর সোসাইটি স্কুল, মেরন সান স্কুল অ্যান্ড কলেজ, অর্কিডস স্কুল, সারমন স্কুল অ্যান্ড কলেজসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়তি ফি নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মেরন সান স্কুল অ্যান্ড কলেজে ভর্তি ফি সাড়ে চার হাজার টাকা। পুনঃভর্তি ফি আড়াই হাজার থেকে তিন হাজার টাকা নেওয়া হচ্ছে। মাসিক বেতন ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হয়েছে। অভিভাবক নাছিমা আক্তার বলেন, ‘মেরন সান স্কুলে আমার দুই ছেলে পড়ে। আগে পড়াশোনার মান ভালো ছিল। এখন নেই। কিছুদিন পরপর নতুন নতুন শিক্ষক আসেন। পড়ার মান ভালো করার চেষ্টা না থাকলেও বছর শেষে ভর্তি ফি, পুনঃভর্তি ফি ও মাসিক বেতন ঠিকই বাড়ছে।’খোঁজ নিয়ে জানা গেছে চান্দগাঁও আবাসিক এলাকার সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উন্নয়ন, শিক্ষক কল্যাণ তহবিল, ক্রীড়া, পাঠাগারসহ প্লে থেকে নার্সারি পর্যন্ত নতুন ভর্তি ফি ছয় হাজার ২২৫ টাকা, পুনঃভর্তি পাঁচ হাজার ১২৫ টাকা, প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নতুন ভর্তি ফি ছয় হাজার ৩২৫ টাকা, পুনঃভর্তি ফি পাঁচ হাজার ২২৫ টাকা। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নতুন ভর্তি ফি ছয় হাজার ৫৭৫ টাকা, পুনঃভর্তি ফি পাঁচ হাজার ৪৭৫ টাকা হারে নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ নুরুল আলম বলেন, ‘আমরা অন্যান্য বিদ্যালয়ের চেয়ে ভর্তি ফি বেশি নিচ্ছি না। আনুষঙ্গিক ফি যোগ করলে টাকা একটু বেশি মনে হয়।’ চিটাগাং আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজে কেজি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নতুন ভর্তি ফি ছয় হাজার টাকা আদায় করা হচ্ছে। পাশাপাশি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষাগার ও কম্পিউটার ফি বাবদ আদায় করা হচ্ছে আরও তিন হাজার টাকা। মাসিক বেতন প্রতি শ্রেণীতে ১০০ টাকা বাড়ানো হয়েছে। কেজি থেকে অষ্টম পর্যন্ত ৮০০ টাকা ও নবম-দশম শ্রেণীতে ৯০০ টাকা বেতন নেওয়া হচ্ছে। কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান এ কে মাহমুদুল হক বলেন, ‘আমরা অতিরিক্ত ভর্তি ফি ও পুনঃভর্তি ফি আদায় করছি না। অবকাঠামো ও পড়ালেখার মান অনুযায়ী নিচ্ছি।’ কলেজের শিক্ষার্থী সিরাজুল ইসলাম ও আব্দুর রহিম বলেন, ‘কয়েকজন শিক্ষক ভালো পড়াতে পারলেও অনেকে পারেন না।’চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল আসলাম বলেন, ‘আমার কাছে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্রাতিরিক্ত ভতি, পুনঃভর্তি ফি ও মাসিক বেতন আদায়ের অভিযোগ আসছে। বিষয়টি দেখার জন্য শিগগির কমিটি গঠন করা হবে। কমিটি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।জেলা শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত হারে ভর্তি ফি, পুনঃভর্তি ফি আদায় করতে হবে। কাউকে শিক্ষার নামে বাণিজ্য করতে দেওয়া হবে না। গরিব ও মেধাবী শিক্ষার্থীরা যাতে সব জায়গায় পড়তে পারে তা নিশ্চিত করা হবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’