বিদ্যালয়ে ভর্তির তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নয়টি সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র (ফরম) বিতরণ শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণীতে ভর্তি-ইচ্ছুক যেকোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবে।ফরম বিতরণ চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। জমা নেওয়া শুরু হবে ৬ ডিসেম্বর থেকে এবং শেষ হবে ১৩ ডিসেম্বর। বিদ্যালয়গুলো হচ্ছে—সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়, কলেজিয়েট উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি হাজী মুহাম্মদ মহসিন উচ্চবিদ্যালয় ও সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। আবেদনপত্রের ফি রাখা হয়েছে ১০০ টাকা। জমা দেওয়ার সময় টাকার সঙ্গে দুই কপি পাসপোর্ট আকারের ছবিও দিতে হবে। ভর্তি পরীক্ষা হবে ২১, ২৪ ও ২৭ ডিসেম্বর বেলা ১০টা থেকে ১২টা পর্যন্ত। বাংলা, ইংরেজি ও গণিত—এ তিন বিষয়ের মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ অর্থাৎ মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসমত জাহান জানান, এ বিদ্যালয়ে শুধু পঞ্চম শ্রেণীতে ছাত্রী ভর্তি করা হবে। আসন রয়েছে ২৪০টি । চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা বেগম বলেন, ‘আমাদের বিদ্যালয়ে প্রতি শ্রেণীর জন্য তিনটি শাখা রয়েছে। প্রতি শ্রেণীতে আসন আছে ১৮০টি। তবে এ বছর ষষ্ঠ ও নবম শ্রেণীতে আসন শূন্য হওয়া সাপেক্ষে অর্থাৎ যদি শ্রেণীতে আসন খালি থাকে তাহলেই আমরা শিক্ষার্থী ভর্তি করাব।’ অন্যান্য সরকারি বিদ্যালয়ে সব শ্রেণীর আসন সংখ্যা ৬০। অর্থাৎ প্রাতঃ ও দিবা শাখা মিলিয়ে মোট ১২০ আসনে শিক্ষার্থী ভর্তি হতে পারবে।