বিদ্যালয়ে যেতে-আসতেই দিন শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল বেঁধে বিদ্যালয়ে চলেছে শিশুরা। টানা পাঁচ কিলোমিটার পাহাড়ি পথে হেঁটে তবে পেঁৗছাবে বিদ্যালয়ে। ছবিটি ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের উত্তর হাজিরখীল গ্রামের ঈদগাহ ঘোনা এলাকা থেকে ৩ জানুয়ারি তোলা l প্রথম আলো
দল বেঁধে বিদ্যালয়ে চলেছে শিশুরা। টানা পাঁচ কিলোমিটার পাহাড়ি পথে হেঁটে তবে পেঁৗছাবে বিদ্যালয়ে। ছবিটি ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের উত্তর হাজিরখীল গ্রামের ঈদগাহ ঘোনা এলাকা থেকে ৩ জানুয়ারি তোলা l প্রথম আলো

ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের দুর্গম উত্তর হাজিরখীল গ্রামের ঈদগাহ ঘোনা এলাকার পঞ্চম শ্রেণির ছাত্র আরাফাত উদ্দিন সকাল আটটায় ঘর থেকে বের হয় বিদ্যালয়ের উদ্দেশে। দেড় ঘণ্টা টানা পাহাড়ি পথে হেঁটে পাঁচ কিলোমিটার দূরে হাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরাফাত পৌঁছায় সকাল সাড়ে নয়টায়। আবার বিকেল চারটায় বিদ্যালয় ছুটি হলে ঘরে ফিরতে ফিরতে বেজে যায় বিকেল সাড়ে পাঁচটা।
কেবল আরাফাত নয়, এভাবে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যায় উপজেলার ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের উত্তর হাজিরখীল গ্রাম ও এর আশপাশের কোদালিয়া টিলা, ঈদগাহ ঘোনা, চেঙ্গুয়া টিলা, দাম্ম টিলা, বালুটিলা, বেতুয়ারকুল, বেতুয়ারটিলাসহ বিভিন্ন দুর্গম এলাকার শিশুরা। উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার এবং ভূজপুর থানা থেকে ২৫ কিলোমিটার দূরে সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চল উত্তর হাজিরখীল গ্রামের অবস্থান। এসব এলাকায় প্রায় পাঁচ শ পরিবারের বসবাস হলেও সেখানে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এখানকার চার শ–রও বেশি শিশু বাধ্য হয়েই পাঁচ কিলোমিটার দূরের হাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যায়। বিদ্যালয়ে যেতে–আসতেই সারা দিন কেটে যায় তাদের। এ কারণে ওই এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
৩ জানুয়ারি সেখানে গিয়ে দেখা হয় তানজু আকতার, তামান্না আকতার, মুহাম্মদ ইউনুস, আবদুল হামিদসহ কয়েকজন শিশুর সঙ্গে। বিকেল চারটায় বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল তারা। শিশুরা জানায়, তাদের বিদ্যালয়ের ক্লাস শুরু হওয়ার সময়সূচি ভিন্ন হলেও একসঙ্গে বিদ্যালয়ে যায় এবং একসঙ্গে তারা বাড়িতে ফিরে আসে।
হাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া রুজিনা আকতার জানায়, তার ক্লাস শুরু হয় দুপুর ১২টায়। কিন্তু গ্রামের অন্য শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে যেতে হয় বলে সকালে রওনা দিতে হয়। বাড়ি ফিরে ভীষণ ক্লান্তি লাগে তার। দীর্ঘ পাহাড়ি পথ হেঁটে এবং খালবিল পাড়ি দিয়ে যাতায়াতের পর রাতে আর পড়ালেখা করার মতো শক্তি থাকে না। তার সহপাঠীদের বক্তব্যও একই।
সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা আকতার জানায়, বিদ্যালয় শুরুর অনেক আগে পৌঁছাতে হয় তাদের। আবার ছুটির পর একসঙ্গে সবাই মিলে আসার জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। এই এলাকার অন্তত চার শ শিশুর দৈনিক রুটিন এমন। এরা সবাই হাজিরখীল ও সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী।
কোদালিয়া টিলা পাড়ায় গেলে কথা হয় বাসিন্দা মুহাম্মদ ইসমাইল (৫০), আবদুল হাদি (৩৫) ও বিলকিছ আকতারের (৩৯) সঙ্গে। তাঁরা জানান, দুর্গম এসব পাড়ায় পাঁচ শ পরিবারের বসবাস। এসব পাড়ার শিশুদের পড়াশোনার জন্য কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। বিদ্যালয় অনেক দূরে হওয়ায় ঝড়-বৃষ্টি হলে শিশুরা বিদ্যালয়ে যেতে পারে না।
হাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সাখাওয়াত রায়হান বলেন, ‘এসব পাড়া থেকে প্রায় দেড় শ শিক্ষার্থী খুব কষ্ট করে হেঁটে বিদ্যালয়ে আসে। বিদ্যালয় শুরুর আগেই তারা বিদ্যালয়ে উপস্থিত হয়। এখানে একেক শ্রেণির পাঠদান একেক সময়। কিন্তু তাদের একসঙ্গে আসতে হয় বলে তারা ক্লাস শুরুর আগে এসে পৌঁছায়।’
সুয়াবিল ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কালাম বলেন, ‘ওখানকার প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী এ বিদ্যালয়ে হেঁটে এসে পড়াশোনা করে। তারা নিয়মিত বিদ্যালয়ে আসে। কিন্তু বর্ষাকালে উপস্থিতি কমে যায়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তর হাজিরখীল গ্রাম ও আশপাশের এলাকার শিশুরা দীর্ঘ সময় হেঁটে দূরের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করছে শুনে অবাক হয়েছি। সরকারের চলমান ‘বিদ্যালয়হীন গ্রামে বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় সেখানে একটি বিদ্যালয় করার প্রক্রিয়া চলছে। সরকারে ঘোষিত কর্মসূচি চালু হলে সমস্যা আর থাকবে না।