বিদ্যালয়ে যেতে ভয়!

দুরু দুরু বুকে প্রতিদিন বিদ্যালয়ে আসে মোহাম্মদ আরমান ও আশেক আলী। পঞ্চম শ্রেণির এই দুই শিক্ষার্থীর মাথার ওপর ছাদ থেকে পলেস্তারা ও সিমেন্টের একটি অংশ খসে পড়ে মাস দুয়েক আগে। অল্পের জন্য সেদিন বড় দুর্ঘটনা এড়াতে পেড়েছিল তারা। তবে এরপর থেকে শ্রেণিকক্ষে বসে ওপরের দিকে ঘন ঘন তাকাতে হয় তাদের। এই বুঝি ভেঙে পড়ল ছাদ!
কেবল এই দুই শিক্ষার্থী নয়, কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৩৪ জন শিক্ষার্থী এমন ঝুঁকি নিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যায়। সম্প্রতি ওই বিদ্যালয়ে গেলে আরমান, আশেক ও তাদের সহপাঠীরা অকপটে বলে নিজেদের আতঙ্কের কথা।
নয়াপাড়া বিদ্যালয়ের চার কক্ষবিশিষ্ট ভবনটি দেখলে মনে হয় শত বছরের পুরোনো। অথচ বিদ্যালয় ভবনটির বয়স মোটে ১৫ বছর। শিক্ষকেরা জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের বেড়ার ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হলে রেড ক্রিসেন্টের একটি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত হয় সেটি। সেখানে কয়েক বছর বিদ্যালয়ের কার্যক্রম চলার পর ২০০০ সালে নতুন পাকা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে সেই ভবনেরই এমন বিধ্বস্ত চেহারা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, নির্মাণকাজে ব্যাপক অনিয়মের কারণেই এমন জীর্ণ দশা ভবনের।
সরেজমিনে দেখা যায়, ভবনের পিলারে ফাটল ধরেছে। ওপর থেকে ঝরে পড়ছে ছাদের পলেস্তারা। সব কক্ষেরই এমন দশা। শিক্ষকেরা জানালেন, প্রায়ই পলেস্তারা খসে পড়ে। বৃষ্টির সময় পানি পড়ে কক্ষগুলোতে।
বিদ্যালয় ভবন সংস্কারের জন্য সাত–আট বছর ধরেই বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কাজের কাজ কিছুই হয়নি।
এ নিয়ে আতঙ্কিত অভিভাবকেরাও। অভিভাবক আয়েশা ছিদ্দিকা ও রোজি আকতার আক্ষেপ করে বলেন, ‘আশপাশে বিদ্যালয় নেই বলে সন্তানকে এখানে পাঠাচ্ছি। কিন্তু প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি কখন কী হয়, তা নিয়ে।’
বিদ্যালয়ের শিক্ষকেরা অনিয়মকেই দায়ী করলেন ভবনের এই দশার জন্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুবিনুল ইসলাম বলেন, ২০০০ সালে ভবন নির্মাণ করার সময় ব্যাপক অনিয়ম হয়েছে। এ কারণে কয়েক বছর না যেতেই ওই ভবনে দেখা দিয়েছে বড় বড় ফাটল। আর বৃষ্টি হলেই ছাদ চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। কিন্তু সংস্কারের অভাবে ওই ভবনটি দিন দিন ঝুিঁকপূর্ণ হয়ে পড়ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কামাল হোছাইন বলেন, ভবনটি সংস্কারের জন্য অনেক আবেদন করেও কোনো কাজ হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে মহেশখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিস চিরান বলেন, ওই বিদ্যালয় ভবনের অবস্থা বেশ নাজুক। তাই নতুন করে আরেকটি ভবন নির্মাণের বিষয়ে চিন্তাভাবনা চলছে।