বিদ্যালয়ে শরীরচর্চার প্রভাব সামান্য!
বিদ্যালয়ে শরীরচর্চায় খুব সামান্যই উপকার পায় শিশুরা। প্রতিদিন বাড়তি চার মিনিট হাঁটা অথবা দৌড়ালেই এমন শরীরচর্চার সমান উপকার পাওয়া যেতে পারে। ব্রিটিশ মেডিকেল জার্নাল-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।প্রতিবেদনটি তৈরি করেছেন যুক্তরাজ্যের প্লাইমাউথ ইউনিভার্সিটির গবেষকেরা। শিশুদের পাঠ্যসূচির বাইরে শরীরচর্চা ও তাদের স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে গবেষণাটি করা হয় ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত। এ বিষয়ের ওপর মোট ৩০টি গবেষণা চালানো হয়েছে। ১৬ বছরের কম বয়সী শিশুদের ওপর এ গবেষণা পরিচালনা করা হয়। শুধু অতিরিক্ত ওজনের এবং স্থূলকায় শিশুদের ওপরই আটটি গবেষণা চালানো হয়। বিভিন্ন ওজনের শিশুদের ওপর চলেছে বাকি গবেষণাগুলো। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সময়ের শরীরচর্চা সত্ত্বেও খুব কম প্রভাব পড়েছে শিশুদের সামগ্রিক শারীরিক কর্মকাণ্ডে। এতে অতিরিক্ত মুটিয়ে যাওয়া শিশুদের পরিশ্রমের তুলনায় চর্বি কমছে খুব সামান্যই, কোমরের পরিধির মাত্র দুই মিলিমিটার। শিশুরা বাড়িতে এসে খুব কম শারীরিক পরিশ্রম করে থাকে। বিবিসি।