বিদ্যালয়ের এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জরাজীর্ণ খাগড়াছড়ির সুরেন্দ্র কার্বারিপাড়া প্রাথমিক বিদ্যালয়।    প্রথম আলো
জরাজীর্ণ খাগড়াছড়ির সুরেন্দ্র কার্বারিপাড়া প্রাথমিক বিদ্যালয়। প্রথম আলো

আশপাশের বেড়া নেই। এবড়োখেবড়ো মেঝে। আছে শুধু মাথার ওপর চালা। তাও কিছু অংশে নেই। যেটুকু আছে তা কাত হয়ে আছে এক পাশে। এ অবস্থায় চলছে পাঠদান। খাগড়াছড়ি সদরের খাগড়াছড়ি ইউনিয়নের সুরেন্দ্র কার্বারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।
শিক্ষকেরা জানান, বর্ষা মৌসুমে বিদ্যালয়ের পাঠদান নির্ভর করে আবহাওয়ার ওপর। আকাশে মেঘ দেখা দিলেই ছুটি দিয়ে দিতে হয় শিক্ষার্থীদের। আর এখন বাতাসের দাপট।
সরেজমিন দেখা গেছে, গত মে মাসে ঝড়ে বিদ্যালয়ের চালার যে অংশ উড়ে গেছে তা এখনো মেরামত করা হয়নি। সেই অংশে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। বিদ্যালয়ে আসবাবপত্রও তেমন নেই। এমনকি শিক্ষকদের বসার চেয়ারও নেই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যা সাগর চাকমা বলেন, ‘হাজারো অসুবিধার মধ্যে আমাদের পাঠদান করতে হচ্ছে। ওপরে চালা নেই, পাশে বেড়া নেই। এই অবস্থায় শিক্ষা কার্যক্রম চলছে। বিদ্যালয়ের সব কাগজপত্র, একমাত্র আলমিরাও এখন আমার বাসায় রাখতে হয়।’
প্রধান শিক্ষক জানান, বর্তমান বিদ্যালয়ের ঘরটি ২০০৩ সালে গ্রামবাসী নিজ খরচে নির্মাণ করেছিল। এরপর দিনে দিনে বিদ্যালয়ঘর জীর্ণশীর্ণ হয়ে পড়েছে। কারণ, বিদ্যালয়ঘরের কোনো সংস্কার করা হয়নি। বিদ্যালয়ের অবকাঠামোগত করুণ অবস্থার কথা উপজেলা শিক্ষা কর্মকর্তারা জানেন। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৭৯ সালে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম শুরু হলেও পাঠদানের সরকারি অনুমতি মেলে ১৯৯৭ সালে। সর্বশেষ মহাজোট সরকার সারা দেশে ছয় হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারীকরণের ঘোষণারপর খাগড়াছড়ি জেলার প্রথম ধাপে এই বিদ্যালয়টিও সরকারীকরণ হয়। কিন্তু অবকাঠামো উন্নয়নে এখনো কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট বিভাগ। বর্তমানে বিদ্যালয়ে চারজন শিক্ষক রয়েছেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ১০৭ জন।
খাগড়াছড়ি ইউনিয়নের চেয়ারম্যান আম্যে মারমা বলেন, ‘বিদ্যালয়টি খুবই খারাপ অবস্থায় আছে, বিষয়টি আমার জানা আছে। কিন্তু ইউনিয়ন পরিষদে এই বিদ্যালয়টি সংস্কার করার মতো বরাদ্দ নেই।’
জানতে চাইলে খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা বলেন, সুরেন্দ্র কার্বারিপাড়া বিদ্যালয়টি উপজেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে।
উপজেলা প্রশাসনও এ সম্পর্কে জানে। এটি এখন প্রাথমিক শিক্ষার উন্নয়ন প্রকল্পের (পিইডিপি-৩) অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের বরাদ্দ এলে উপজেলার মধ্যে সবার আগে এই বিদ্যালয়ে হাত দেওয়া হবে।