বিদ্যালয়ের পাশেই তিন শিক্ষকের কোচিং সেন্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিয়ম অনুযায়ী, নিজের বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করাতে পারবেন না শিক্ষকেরা। তবে অনুমতি সাপেক্ষে অন্য যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের সীমিত সংখ্যক (১০ জনের বেশি নয়) শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবেন। কিন্তু নগরের কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষক এর কিছুই মানছেন না। তাঁরা বিদ্যালয়ের পাশেই গড়ে তুলেছেন কোচিং সেন্টার। এতে কাপাসগোলা বালিকা উচ্চবিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী পড়ছে।খোঁজ নিয়ে জানা যায়, তিন শিক্ষক—গোফরানুল হক, মনিরুল ইসলাম ও মমতাজ উদ্দিনের গড়ে তোলা কোচিং সেন্টারটির নাম ‘শেরুট কোচিং সেন্টার’। তাঁদের মধ্যে গোফরানুল ইসলাম ধর্মীয় শিক্ষা, মনিরুল ইসলাম কম্পিউটার শিক্ষা ও মমতাজ উদ্দিন শরীরচর্চা বিষয়ের শিক্ষক হিসেবে বিদ্যালয়ে নিযুক্ত আছেন। তিনজনই গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই বিদ্যালয়ে কর্মরত। তাঁদের সঙ্গে একই বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এনামুল হকও কিছুদিন কোচিংয়ে পাঠদান করেছেন। তবে সরকারি প্রজ্ঞাপন জারির পর থেকে তিনি সরে আসেন। সূত্র জানায়, ২০১০ সালে কোচিং সেন্টারটি চালু হয়। এতে পড়ানো হয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের। তবে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের কোচিং বন্ধ রয়েছে। এখন চলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা শতাধিক। কোচিংয়ের জন্য প্রতিমাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৭০০ টাকা এবং সপ্তম ও অষ্টম শ্রেণীর জন্য ৮০০ টাকা করে ফি আদায় করা হয়। কোচিং সেন্টারে প্রতিদিন সকাল নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পাঠদান করা হয়। কোচিংয়ের মাধ্যমে পাঠদান বিষয়ে সরকারি নীতিমালায় বলা হয়েছে, কোনো শিক্ষক বাণিজ্যিক ভিত্তিতে গড়ে ওঠা কোচিং সেন্টারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হতে পারবেন না বা নিজে কোনো কোচিং সেন্টারের মালিক বা কোচিং সেন্টার গড়ে তুলতে পারবেন না। এমনকি কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে কোচিংয়ে উৎসাহিত বা উদ্বুদ্ধ বা বাধ্য করতে পারবেন না। এ ছাড়া কোনো শিক্ষক কোচিং বাণিজ্যে জড়িত থাকলে তাঁর প্রতিষ্ঠান প্রদত্ত বেতন-ভাতাদি ও বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত, বেতন এক ধাপ অবনমিতকরণ, সাময়িক বরখাস্ত, এমনকি চূড়ান্ত বরখাস্ত করারও বিধান রয়েছে। সরেজমিনে কোচিং সেন্টারে গিয়ে দেখা যায়, সেন্টারের সামনে অভিভাবকেরা দাঁড়িয়ে আছেন। সেখানে কথা হয় এক শিক্ষার্থীর অভিভাবক একরাম হোসেনের সঙ্গে। কোচিং সেন্টারে কারা পড়ান জানতে চাইলে তিনি বলেন, এখানে শিক্ষক হিসেবে রয়েছেন কাপাসগোলা স্কুলের শিক্ষক গোফরানুল হক, মনিরুল ইসলাম, মমতাজ উদ্দিন ও এনামুল হক। বিদ্যালয়ের বাইরে শিক্ষকদের কাছে পড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, এখানে পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করা যাবে বলেছেন স্যারেরা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরে কোচিং পড়ানো প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষক গোফরানুল হক সরাসরি কোচিং সেন্টারের সঙ্গে তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি এর সঙ্গে যুক্ত নই। এ ধরনের কোনো কোচিং সেন্টারের নামও শুনিনি।’ মনিরুল ইসলাম বলেন, ‘আমি আগে পড়াতাম। তবে সরকারি বিধিমালা জারির পর ছেড়ে দিয়েছি।’ মমতাজ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে তিন শিক্ষকের কোচিং ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘এ ব্যাপারে আমি অভিযোগ পেয়েছি। তাঁরাসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকদের সরকারি নীতিমালা মেনে চলার ব্যাপারে লিখিতভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। এর পরও কোনো শিক্ষক এ ধরনের কাজে যুক্ত থাকলে তার দায়ভার তাঁদেরকেই বহন করতে হবে।’ এ প্রসঙ্গে সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম নিজামী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।’