বিদ্যালয়ের মাঠে সাপ্তাহিক হাট রিকশা ও অটোরিকশা স্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঁঞা উপজেলার তালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে সাপ্তাহিক হাট। গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার স্ট্যান্ড। বিদ্যালয়ের পুরোনো ফুটো টিনের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে শ্রেণীকক্ষে। এ ছাড়া বিদ্যালয়ের নিজস্ব ভূমিতে দোকানঘর বানিয়ে বেদখল করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।সূত্র জানায়, ১৯৭৩ সালে স্থানীয় বিদ্যোৎসাহী কিছু ব্যক্তির সাহায্যে এলাকায় বিদ্যালয়টি স্থাপিত হয়। পরবর্তী সময়ে সরকার বিদ্যালয়টি জাতীয়করণ করে। বিদ্যালয়ের প্রথম টিনের ছাউনি দেওয়া ভবনটি স্থাপনের পর থেকে আর সংস্কার করা হয়নি। ইতিমধ্যে পুরোনো টিনগুলো ফুটো হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি পড়ে। ফলে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের ক্লাস করতে কষ্ট হয়। ইতিমধ্যে বিদ্যালয়ের দুটি কক্ষ পাঠদান অনুপযোগী হওয়ায় শ্রেণীর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দুই কক্ষবিশিষ্ট একটি আলাদা ভবন নির্মাণ করেছে। ওই ভবনে দুটি শ্রেণীকক্ষ করা হয়েছে। পুরোনো ভবনের একটি কক্ষে শিক্ষক মিলনায়তন ও একটিতে শ্রেণীকার্যক্রম চালানো হয়। বৃষ্টি হলে ওই কক্ষের শিক্ষার্থীদের ছুটি দিতে হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ৩২৫ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক রয়েছেন। এতে শ্রেণীকক্ষে স্থান সংকুলান হয় না। তা ছাড়া শিক্ষার্থীদের বসার জন্য প্রয়োজনীয় আসবাবেরও সংকট রয়েছে। বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য কোনো শৌচাগার নেই। বিদ্যালয়ের খেলার মাঠটি সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড ও সাপ্তাহিক বাজারের দোকানদারদের দখলে রয়েছে। তাই বিদ্যালয়ের মাঠে খেলাধুলাতো দূরের কথা, প্রাত্যহিক সমাবেশও করতে পারে না শিক্ষার্থীরা। জাতীয় সংগীত হয় শ্রেণীকক্ষে। বিদ্যালয়ের পাশে রয়েছে রিকশার স্ট্যান্ড। সেখানে রিকশাচালকেরা বসে ধূমপান করে। এতে শিক্ষক-শিক্ষার্থীরা হন বিব্রত। এ ছাড়া অভিযোগ রয়েছে, বাজারের কতিপয় সিডি, ডিভিডি ব্যবসায়ী বিদ্যালয়ে পাঠদানের সময় উচ্চ স্বরে গান বাজিয়ে থাকেন। এতে শ্রেণীকক্ষে পাঠদানে ব্যাঘাত ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেলোয়ারা বেগম জানান, বিদ্যালয়ের নানা সমস্যার কথা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাছিনা ইয়াছমিন বলেন, বিদ্যালয়টির সমস্যার ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।