রুমে কেউ নেই অথচ পাখা চলছে, বাতিও জ্বলছে। আবার সকাল ১০টা বেজে গেছে, সড়কবাতি নেভানো হয়নি। এগুলো আমাদের আশপাশের স্বাভাবিক ঘটনা। ফলে বিদ্যুতের অপচয় হচ্ছে সব সময়। বিদ্যুতের এই অপচয় কমাতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য পাস করা প্রকৌশলী তুষার আহমেদ উদ্ভাবন করলেন ‘স্বয়ংক্রিয় টাইম সুইচ’। তিনি এই প্রযুক্তির নাম দেন ‘মল্ট ফাংশনাল টাইম সুইচ’। শেষ বর্ষের প্রকল্প হিসেবে তিনি এই মল্ট ফাংশনাল টাইম সুইচ নিয়ে কাজ করেন। এ প্রযুক্তি প্রসঙ্গে জানতে চাইলে তুষার বলেন, এটি একটি প্রোগ্রামিংনির্ভর প্রযুক্তি। এর মাধ্যমে একটি সুইচ দিয়ে ১০টি যন্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব। কার্যপ্রক্রিয়া সম্পর্কে বলেন, মিক্রোসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিছু কোড তৈরি করা হয়েছে। এ প্রোগ্রামিং কোড মাইক্রোকন্ট্রোলারে প্রবেশ করানো থাকবে। ফলে অপশন চাপলে ১০টি সুইচিং অপশন আসবে। সুইচ নির্বাচন করলে চালু ও বন্ধ করার সময়, তারিখ আসবে। এ অপশনগুলোতে সময় ও তারিখ নির্ধারণ করে দিলে নির্দিষ্ট সুইচ ও যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে। প্রযুক্তিটি তৈরিতে ব্যবহূত হয়েছে এলসিডি মনিটর, ব্রেক বোর্ড, মাইক্রোকন্ট্রোলারের কিছু যন্ত্রাংশ।নতুন এ প্রযুক্তি উদ্ভাবনের আগ্রহ কেন হলো। এমন প্রশ্নের জবাবে তুষার বলেন, ‘আমি অনেকবার দেখেছি শিক্ষার্থীরা রুমের বাতি ও পাখা বন্ধ না করে ক্লাসে চলে গেছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের অপচয় হচ্ছে। ভাবলাম কিছু একটা করা দরকার। এরপর এ প্রযুক্তি উদ্ভাবনের কাজ শুরু করি।’ প্রকল্পের তত্ত্বাবধানে ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাস। তিনি বলেন, ‘সচেতনতার অভাবে প্রচুর বিদ্যুৎ অপচয় হয়। এজন্য দরকার প্রযুক্তির ব্যাবহারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অপচয় রোধ করা। এ প্রযুক্তির কার্যক্ষমতা আরও একটু বৃদ্ধি করে বাজারজাত করলে বিদ্যুতের অপচয় কমানো সম্ভব।’