বিদ্যুতের অভাবে সেচ বন্ধ জমি শুকিয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির অভাবে জমি শুকিয়ে গেছে। লাল হয়ে যাচ্ছে ধানগাছ। থোড় বেরোচ্ছে না ধানগাছ থেকে। বিদ্যুতের অভাবে সেচযন্ত্র বন্ধ থাকায় জমিতে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত গুমাই বিলসহ রাঙ্গুনিয়ার সব বিলে চলতি মৌসুমের বোরো ধান ঘরে তোলা নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশ স্বাধীন হওয়ার পর রাঙ্গুনিয়ায় বিদ্যুতের এমন ভয়াবহ লোডশেডিং আর হয়নি। চলতি এপ্রিলের শুরু থেকে রাত-দিন চার ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। দিনের বেলা একবার গেলে আসে চার-পাঁচ ঘণ্টা পর। রাতে লোডশেডিং হয় এক-দেড় ঘণ্টা পর পর। এ অবস্থায় বিলের সেচযন্ত্রগুলো প্রায় অচল হয়ে পড়ে। সেচযন্ত্র দিয়ে তোলা পানি দিয়ে একবারে চার শতক জমিতেও সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। সেচযন্ত্রগুলোর সার্কিট পুড়ে গিয়ে ঘনঘন বিকল হয়ে পড়ে। গুমাই বিলের কৃষক জামাল উদ্দিন জানান, বর্তমানে বিলের বোরো ধানে থোড় আসার সময়। গত ৩০ মার্চ বৃষ্টিপাতের পর ধানে থোড় আসা শুরু করে। কিন্তু পানি না থাকায় ধান গাছ থেকে থোড় বেরোচ্ছে না। বরং লাল হয়ে মরে যাচ্ছে। জমি শুকিয়ে এখন খাঁখাঁ করছে। ফলে বিলের কৃষকেরা বোরো ধান হারানোর শঙ্কায় ভুগছেন।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, ২৩টি বিলে প্রায় সাড়ে নয় হাজার হেক্টর জমিতে এবার বোরো চাষাবাদ করা হয়েছে। এসব জমিতে পানি সরবরাহের জন্য এক হাজার ১০০টি সেচযন্ত্র বসানো হয়েছে। কিন্তু লোডশেডিংয়ের কারণে চলতি মাসের শুরু থেকে সেচযন্ত্রগুলো প্রায় বন্ধ রয়েছে। গুমাই বিলের কর্ণফুলী সেচ প্রকল্পের সভাপতি আহমদ নবী জানান, লোডশেডিংয়ের মধ্যে কর্ণফুলী সেচ প্রকল্পের ইছামতি ইউনিটের তিনটি সেচযন্ত্র থেকে দিনেরাতে যে পরিমাণ পানি সরবরাহ দেওয়া হয় তা দিয়ে চার শতক জমিতেও সেচ দেওয়া সম্ভব হয় না। প্রকল্পের কৃষক আবদুর রহমান, ফজল কাদের, সালাউদ্দিন ও আবু তাহের জানান, সেচ দিতে না পারায় তাঁদের জমি শুকিয়ে চৌচির হয়ে গেছে। ধানের গোছা থেকে থোড় পর্যন্ত বেরোচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন জানান, সেচের অভাবে বোরো ধানের ফসল উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি চট্টগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতি-২-এর রাঙ্গুনিয়া কার্যালয়ে জানানো হয়েছে। কিন্তু সরবরাহ কম হওয়ায় বোরো চাষাবাদের জন্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তাঁরা হিমশিম খাচ্ছেন। পল্লি বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপব্যবস্থাপক শৈলেন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, উপজেলার একটি পৌর এলাকা ও ১৫টি ইউনিয়নের আবাসিক ও বাণিজ্যিক এলাকার গ্রাহকদের বিদ্যুতের চাহিদা রয়েছে ১২ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে পিক আওয়ারে তিন মেগাওয়াট এবং অপ পিক আওয়ারে এক মেগাওয়াট। ফলে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। তারপরও রেশনিং পদ্ধতিতে সেচযন্ত্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার চেষ্টা চলছে। সেচযন্ত্রগুলো যাতে অন্তত রাতে চালু রাখা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।