বিদ্যুতের জন্য অপেক্ষা ঘণ্টার পর ঘণ্টা
বোরো মৌসুমে সেচ দেওয়ার নামে শহরে কম এবং গ্রামে বেশি বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কিন্তু গ্রামে দিনের বেলা একপ্রকার বিদ্যুৎবিহীন কেটেছে পুরো বোরো মৌসুম। পাশাপাশি শহরেও ছিল ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। বোরো মৌসুম শেষ হওয়ায় গ্রামাঞ্চলে বিদ্যুতের সরবরাহ আরও কমেছে। অথচ বাড়েনি শহরে। এ অবস্থায় গ্রামে কিংবা শহরে গ্রাহকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে এখনো। লালখান বাজার হাইওয়ে সোসাইটির মিসেস শাহ আলম ফারুকী বলেন, ‘সকাল থেকেই নিজের ঘরসহ ভাড়াটিয়াদের পানি দরকার হয়। কিন্তু সকাল নয়টায়ও অনেক সময় বিদ্যুৎ না আসায় জলাধারে পানি তোলা সম্ভব হয় না। এতে নিজেরা এবং ভাড়াটিয়া উভয়েই বিড়ম্বনার সম্মুখীন হচ্ছি।’ এভাবে নগরের দুই-একটি এলাকা বাদ দিলে সারা শহরেই বিদ্যুতের লোডশেডিং লেগেই থাকছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর লক্ষ্যে নানা উদ্যোগ নিয়ে কিছুটা সফল হলেও তার প্রভাব চট্টগ্রামে পড়েনি। এর কারণ গ্যাসসংকট এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর যান্ত্রিক ত্রুটি। চট্টগ্রামে প্রায় ৮৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সরকারি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র রয়েছে। এর মধ্যে কর্ণফুলী পানিবিদ্যুৎ প্রকল্পের চালু থাকা চার ইউনিটের মধ্যে তিনটিই দিনের বেলা বন্ধ থাকে। রাতে ওই তিনটি চালু হলে সেখান থেকে পাওয়া যায় ৯০ মেগাওয়াট বিদ্যুৎ। এর বাইরে রয়েছে গ্যাসভিত্তিক চারটি উৎপাদনকেন্দ্র। এগুলো হচ্ছে রাউজানে ৪২০ মেগাওয়াট, শিকলবাহা ৬২ মেগাওয়াট এবং ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন নতুন পিকিং পাওয়ার প্ল্যান্ট। গ্যাসের অভাবে রাউজানের একটি ইউনিট নিয়মিত বন্ধ থাকছে। অন্য ইউনিটেও গ্যাসের সরবরাহ কম থাকায় উৎপাদন হচ্ছে স্বাভাবিকের চেয়ে কম। রাউজান এক নম্বর ইউনিট থেকে বর্তমানে সান্ধ্যকালীন পিকআওয়ারে বিদ্যুৎ পাওয়া যায় ১৪০ মেগাওয়াট। জানা গেছে, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করতে সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোতে সর্বোচ্চ গ্যাস সরবরাহের নির্দেশ দিলেও যান্ত্রিক ত্রুটির কারণে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রে সর্বোচ্চ উৎপাদন সম্ভব হচ্ছে না। কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্রের দুইটি কেন্দ্রই সচল রয়েছে। তবে যান্ত্রিক গোলযোগের কারণে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। আগামী দুই-এক দিনের মধ্যে আমরা পর্যায়ক্রমে একটি করে ইউনিট বন্ধ করে যান্ত্রিক গোলযোগ সারানোর সিদ্ধান্ত নিয়েছি।’ এ জন্য সাপ্তাহিক ছুটির দিনকেই বেছে নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক সমস্যা নেই। কিন্তু কর্ণফুলী নদীতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।’ তবে আগামী সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিসংখ্যান থেকে জানা যায়, গত এক সপ্তাহে দিনের বেলা গড়ে ৫০-৬০ মেগাওয়াট এবং রাতে ২০-৩০ মেগাওয়াট বিদ্যুৎ এসেছে জাতীয় গ্রিড থেকে। চট্টগ্রামে উৎপাদন হয় ২৮০-৩০০ মেগাওয়াট। কখনো উৎপাদন বাড়লে উল্টো চট্টগ্রামকে অন্ধকারে রেখেই জাতীয় গ্রিডে নিয়ে যাওয়া হয়। ফলে বিদ্যুতের লোডশেডিং ২৫০-২৮০ মেগাওয়াটের মধ্যেই ওঠানামা করছে। এ হিসাবে চট্টগ্রামে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে চাহিদার অর্ধেকেরও কম। তবে সরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলোতে সরবরাহ না থাকলেও ঠিকই গ্যাস পাচ্ছে বেসরকারি মালিকানাধীন তিনটি বিদ্যুৎকেন্দ্র। এগুলো হচ্ছে চট্টগ্রাম ইপিজেডে অবস্থিত ৪৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন মালঞ্চ হোল্ডিংস, বাড়বকুণ্ডে ২২ মেগাওয়াটের রিজেন্ট পাওয়ার প্ল্যান্ট ও কর্ণফুলীর দক্ষিণ পাড়ে অবস্থিত এস আলম গ্রুপের পাঁচ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র। এ তিনটি বিদ্যুৎকেন্দ্রে সরকার প্রথমে সস্তায় গ্যাস সরবরাহ করে। পরে সেখান থেকে চড়া দামে বিদ্যুৎ কিনে আবার ভর্তুকি দামে গ্রিডের কাছে বিক্রি করে। অথচ চট্টগ্রামের তিনটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দীর্ঘদিন ধরে বসে আছে গ্যাস সরবরাহ না থাকায়। এতে সরকারকে দুইদিক থেকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তবে মালঞ্চ থেকে পিডিবি বিদ্যুৎ কিনছে না বলে জানা গেছে। ব্যবসায়ীরা বলেছেন, সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বিদ্যুৎ দিতে পারে না। এজন্য বেসরকারি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন অপরিহার্য হয়ে পড়েছে। এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা নিজেদের কারখানায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ দেওয়ার জন্যই মূলত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করি। কারণ চিনিকলে উৎপাদন স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ দরকার। আমরা নিজেদের চাহিদা মিটিয়ে খুব কম বিদ্যুৎ পল্লি বিদ্যুৎ সমিতিকে দিতে পারি।’