বিদ্যুতের জন্য হাহাকার ফটিকছড়িবাসীর
ফটিকছড়ি উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া যাচ্ছে ১৪ মেগাওয়াট। অথচ মাস খানেক ধরে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, ঝড়ে বিদ্যুৎ লাইনের ক্ষতি, হাটহাজারীর ৩৩ কেভি লাইন মেরামত, ব্রেকার বিকল এবং কেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষা চলায় এ সমস্যা দেখা দিয়েছে।
উপজেলার ১৮ ইউনিয়ন এবং দুটি পৌরসভা ঘুরে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, িবদ্যুৎ–সংকটের কারণে এক মাস ধরে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন তাঁরা।
উপজেলার বিবিরহাট বাজারের ব্যবসায়ী নেছার আহাম্মদ বলেন, এক মাস ধরে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। রাত ১০-১১টার দিকে এসে ঘণ্টা খানেক থেকে আবার চলে যাচ্ছে। এতে বৈদ্যুতিক সামগ্রী চালানো যাচ্ছে না। ব্যবসায় ধস নেমেছে। মুঠোফোন, ল্যাপটপে ঠিকমতো চার্জও দেওয়া যাচ্ছে না।
ফটিকছড়ি পৌরসভার বাসিন্দা আবু জাফর বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি নিজেদের খেয়ালখুশিমতো কাজ করছে। এলাকায় দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। অথচ মাস শেষে বিল ঠিকই আদায় করছে।
পৌর কাউন্সিলর গোলাম মাওলা বলেন, দৈনিক দুই-এক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তবে ১১ মে থেকে ১৫ মে পৌরবাসী কোনো বিদ্যুৎই পায়নি। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এইচ রাশেদুল আলম বলেন, বিদ্যুৎ না থাকায় রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনো জেনারেটরের ব্যবস্থা নেই। আইপিএসও চার্জ করা যাচ্ছে না।
সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু তালেব বলেন, বিদ্যুৎ না থাকায় তাঁদের পরিষদের তথ্যসেবাকেন্দ্র কয়েক দিন বন্ধ ছিল। এ সময় মানুষ সেবা না পেয়ে ফিরে গেছে।
পল্লী বিদ্যুৎ কার্যালয়গুলোর তথ্যানুযায়ী, উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে প্রায় ৬৫ হাজার গ্রাহক রয়েছেন। দৈনিক ১৮ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে বরাদ্দ দেওয়া হচ্ছে ১৪ মেগাওয়াট। অথচ উপজেলার ৮০ ভাগ গ্রাহকই চরম বিদ্যুৎ বিপর্যয়ে রয়েছেন।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, বেশির ভাগ বিদ্যুৎ লাইন গাছপালার মাঝে দিয়ে টানা। একটু ঝড়-বৃষ্টি হলেই বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এ জন্য বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডাল ছাঁটাইয়ের কাজ, ব্রেকার ও সঞ্চালন লাইন সংস্কার চলছে। তাই উপজেলার অনেক অঞ্চলে বিদ্যুৎ–ব্যবস্থা বন্ধ রাখতে হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক (জিএম) মো. আবু বক্কর বলেন, এ উপজেলার দুটি উপকেন্দ্রের ১০টি সঞ্চালন লাইনে বিদ্যুৎ সুষম বণ্টন করা হয়। গাছের ডালপালা ছাঁটাই, ব্রেকার ও সঞ্চালন লাইন মেরামতের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এসব সমস্যার সমাধান হয়ে গেলে এমনটি আর হবে না।