বিদ্যুতের জোগান দেবে তরল বায়ু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ুশক্তি দিয়েই চলতে পারে পুরো বিশ্ব। গবেষণার ভিত্তিতে এক পশ্চিমা গবেষক কিছুদিন আগে বলেছেন এমন কথা। তবে জ্বালানি বিশেষজ্ঞরা জানান, বাস্তবে এটা সম্ভব নয়। এ জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে। আর সবচেয়ে বড় বাধা, বিদ্যুৎ সঞ্চয় করে রাখার তেমন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেই।তবে ব্রিটিশ প্রকৌশলীরা দাবি করেছেন, বিদ্যুৎ সঞ্চয় করে রাখার একটি লাগসই প্রযুক্তি তাঁরা খুঁজে পেয়েছেন। এ জন্য বায়ুকে প্রথমে শীতলীকরণের মাধ্যমে তরলে রূপান্তর করতে হবে। বায়ুকে তরলে রূপান্তর করার এই কাজ করা হবে রাতের বেলায় বায়ুবিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে। কেননা, রাতের বেলা বিদ্যুতের প্রয়োজন কম থাকে। এরপর তরল বায়ুকে ফ্লাস্ক ধরনের বড় পাত্রে জমিয়ে রাখা হবে। যখন বিদ্যুৎ প্রয়োজন হবে, তখন তাপ প্রয়োগে ওই তরল বায়ুকে গ্যাসে পরিণত করা হবে। এই গ্যাস দিয়েই আবার চালানো যাবে বায়ুবিদ্যুৎকেন্দ্রের টারবাইন। একইভাবে গৃহস্থালির বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জামও চালানো যাবে এই গ্যাস দিয়ে।এই পদ্ধতির উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারের একটি গাড়ির গ্যারেজের মালিক। গাড়ি চালানোর জন্যই তিনি কাজটি করেছিলেন। তবে তাঁর এই উদ্ভাবনকে বৃহত্তর কাজে লাগাতে এবং উন্নয়ন ঘটানোর হাইভিউ পাওয়ার স্টোরেজ নামের নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছে ইনস্টিটিউশন অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স।ইনস্টিটিউশন অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের দাবি, এই পদ্ধতি বর্তমানে ২৫ শতাংশ কার্যকর। অর্থাৎ বায়ু তরল করতে যে পরিমাণ বিদ্যুৎ খরচ হবে, পরে পাওয়া যাবে তার ২৫ শতাংশ। যদিও ধীরে ধীরে পদ্ধতির উন্নয়ন ঘটিয়ে আরও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। তখন ৭০ শতাংশ পর্যন্ত কার্যকারিতা পাওয়া যেতে পারে, যেখানে সাধারণ ব্যাটারি থেকে পাওয়া যায় মোট ব্যয় হওয়া শক্তির ৮০ শতাংশ। কাজেই ভবিষ্যতে বিদ্যুৎ সঞ্চয়ের জন্য অন্যতম সহজ পদ্ধতি হতে পারে তরল বায়ু। বিবিসি।