বিদ্যুতের দাম শূন্য ডলারের নিচে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেবে দেখুন তো একবার। বিদ্যুৎ ব্যবহার করছেন কিন্তু মিটারে বিল উঠছে ঋণাত্মক সূচকে! যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় গত মাসে ঘটেছে এমনটাই। কয়েক ঘণ্টার জন্য বিদ্যুতের দাম নেমে এসেছিল শূন্য ডলারের নিচে।
ক্যালিফোর্নিয়ার ইনডিপেনডেন্ট সিস্টেম অপারেটরের (সিএআইএসও) আওতাধীন এলাকায় গত ১১ মার্চ সৌরশক্তি দিয়ে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ রেকর্ড মাত্রায় পৌঁছেছিল। মূল গ্রিডে মোট উৎপাদিত বিদ্যুতের ৪০ শতাংশই ছিল সৌরবিদ্যুৎ। এতে এক মেগাওয়াট বিদ্যুতের দাম কমে চলে যায় ঋণাত্মক সূচকে।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) বলেছে, বিদ্যুতের দাম ঋণাত্মক সূচকে নেমে আসায় ভোক্তাদের নগদ প্রাপ্তি হবে না। কারণ, বিদ্যুতের দাম নির্ধারণ করা হয় উৎপাদনের গড় মূল্য হিসাবে। তাই কিছুক্ষণের জন্য দাম শূন্য ডলারের কম হলেও সার্বিকভাবে মোট মূল্যে খুব একটা প্রভাব পড়বে না। কিছুটা কম দামে বিদ্যুৎ ব্যবহার করা যাবে, এই যা! মার্কিন মুলুকে ক্যালিফোর্নিয়াতেই বিদ্যুতের গড় খুচরা মূল্য সবচেয়ে বেশি। ইআইএ বলেছে, গ্রীষ্মকালে ক্যালিফোর্নিয়ায় বিদ্যুতের চাহিদা বেশি থাকে। কিন্তু শীতের শেষে ও বসন্তের শুরুতে এ চাহিদা থাকে বছরের মধ্যে সবচেয়ে কম। ফলে মার্চ মাসে বিদ্যুতের দাম বছরের অন্যান্য সময়ের তুলনায় কম থাকে। এবার এ মাসের বেশির ভাগ দিনই ধারাবাহিকভাবে সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ঘণ্টাপ্রতি এক মেগাওয়াট বিদ্যুতের গড় দাম শূন্য ডলার বা তার নিচে ছিল।