বিদ্যুতের নিম্নচাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাদুরতলার হাবিবুর রহমানের বাসায় ১৫ জানুয়ারি থেকে বিদ্যুতের নিম্নচাপ (লো ভোল্টেজ) চলছে। ফোনে দুদফা অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে ২০ জানুয়ারি হাজির হন ষোলশহর গ্রাহকসেবাকেন্দ্রে অভিযোগ জানাতে। তিনি বলেন, ‘দিনে বিদ্যুতের চাপ কম থাকে, সন্ধ্যার পর চাপের মাত্রা ঘন ঘন উঠা-নামা করে।’ মুরাদপুর মির্জাপুলের রাজু তালুকদার জানান, ‘আমার বাসায় নভেম্বরে ৪৭০ ও ডিসেম্বরে ৫৪০ টাকা বিল আসে। অথচ এর আগে ২০০-২৫০ টাকার বেশি আসত না। বেশি বিল আসার কারণ জানতে অভিযোগকেন্দ্রে এসেছি। জানানো হয়েছে মিটারে সমস্যা আছে, না দেখে কিছু বলতে পারবেন না।’ ওই দিন বেশি বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে আরও আসেন মোহাম্মদপুরের আদেল মাহমুদ ও গোলাম মাওলা। তাঁদেরও একই কথা বলা হয়।জানা যায়, পিডিবির ষোলশহর উপকেন্দ্রের অভিযোগকেন্দ্রে প্রতিদিন ১৫-২০টি অভিযোগ আসে। এর মধ্যে থাকে বেশি বিল, নিম্নচাপ, ঘন ঘন লোডশেডিং, বিল পরিশোধের পরও লাইন কেটে দেওয়া, ট্রান্সমিটার নষ্ট থাকা, মিটার টেম্পারিংসহ হাজারো সমস্যা। যোগাযোগ করলে উপবিভাগীয় প্রকৌশলী মুস্তাফিজুর রহমান জানান, ‘প্রতিদিন লিখিত, অলিখিত ও ফোনে ১৫-২০টি অভিযোগ পাই। অভিযোগ পেলেই আমাদের লাইনম্যান ও সহকারীরা সঙ্গে সঙ্গে গিয়ে সমস্যার সমাধান করেন। সমস্যা জটিল হলে আমরা (উপবিভাগীয় প্রকৌশলী) সরেজমিনে দেখে সমস্যা বুঝে দ্রুত সমাধানের চেষ্টা করি।’ জানা যায়, ষোলশহর উপকেন্দ্রের আওতায় ৩১ হাজার গ্রাহক রয়েছেন। কর্মকর্তা-কর্মচারীর পদ রয়েছে ১৫০টি। বর্তমানে আছেন ৬৫ জন। ৮৫টি পদ খালি। মাঠপর্যায়ের কর্মচারীর পদ শূন্য বেশি। সংশ্লিষ্টরা জানান, মাঠ পর্যায়ের পদগুলো খালি থাকায় সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। সুগন্ধা পৌর আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বলেন, ‘আমাদের আবাসিকে আনুমানিক ২০ দিন আগে একটি ট্রান্সমিটার নষ্ট হয়ে যায়। অভিযোগকেন্দ্রে যোগাযোগ করলে দায়িত্বশীলরা নতুন ট্রান্সমিটার স্থাপনের আশ্বাস দেন। কিন্তু আজ দিচ্ছি, কাল দেব—এভাবে ঘোরানো হচ্ছে। নতুন ট্রান্সমিটারের জন্য আমরা নির্ধারিত ফিও দিয়েছি। কিন্তু কাজ হয়নি।’ এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, ‘জনবলসংকটের কারণে গ্রাহকসেবা দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তারপরও আমাদের ফোরম্যান, লাইনম্যান, সহযোগী ও ইলেকট্রিশিয়ানরা সাধ্যমতো চেষ্টা করে দ্রুত সমাধান করেন।’বেশি বিলের ব্যাপারে তিনি বলেন, কোনো মাসে বেশি বিল হলে পরের মাসে তা সমন্বয় করা হয়।