বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ ফটিকছড়ির গ্রাহকেরা
ফটিকছড়ি উপজেলার বিদ্যুতের লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ গ্রাহকেরা। দিন-রাতে ৮ থেকে ১০ বারও লোডশেডিং করা হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। ফলে প্রচণ্ড গরমে ত্রাহি অবস্থা তাঁদের। ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের লেখাপড়া।
ফটিকছড়ির উপজেলা বিদ্যুতের গ্রাহকসংখ্যা প্রায় ৭৫ হাজার। বিতরণ ব্যবস্থায় রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-২।
সরেজমিনে বিভিন্ন এলাকায় গেলে বিদ্যুৎ না পেয়ে ক্ষোভের কথা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পূর্ব-আজিমনগর গ্রামের বাসিন্দা ও পল্লিচিকিৎসক মোস্তফা চৌধুরী বলেন, দিন-রাতে সমানে বিদ্যুৎ যায় আর আসে। কখনো এক ঘণ্টা আবার কখনো টানা দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে না।
চুরখাঁহাট গ্রামের বাসিন্দা ফয়জুল ইসলাম অভিযোগ করেন, সুয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুরসহ অনেক গ্রাম উপজেলা সদরের বাইরে বলে লোডশেডিং হয় বেশি। কারণ, সদরে বিদ্যুৎ গেলেই তঁারা বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে প্রতিক্রিয়া জানান। কিন্তু ভূজপুরের মানুষ তা করতে পারে না বলেই এখানে লোডশেডিং হয় বেশি।
আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন আকতার বলেন, সন্ধ্যার সময় প্রতিদিন বিদ্যুৎ চলে যায়। মোমবাতি কিংবা হারিকেন জ্বালিয়ে ছেলেমেয়েদের লেখাপড়া চালাতে হয়। প্রচণ্ড গরমে সবার অবস্থা কাহিল হয়ে পড়ে।
আজাদী বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, বৃষ্টি-বাদল হলে একটা কথা ছিল। আকাশে সামান্য একটু মেঘ দেখা দিলেই বিদ্যুৎ চলে যায়।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, ফটিকছড়ি উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট। কিন্তু পাওয়া যায় সর্বোচ্চ ১০ মেগাওয়াট। ফলে লোডশেডিং ছাড়া কোনো বিকল্প থাকে না।
জানতে চাইলে উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নিয়াজ উদ্দিন বলেন, ‘লোড বেড়ে যাওয়ায় চাহিদামতো বিদ্যুৎ পাই না বলে লোডশেডিং হয়। অন্যদিকে বৃষ্টি-বাদল হলে কিংবা আবহাওয়া খারাপ হলে বিদ্যুৎ প্রদান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।’ বৈষম্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘উপজেলা সদরে সব সরকারি–বেসরকারি অফিস। স্বাভাবিকভাবেই সেখানে লোডশেডিং কম করা হয়।’