সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন নতুন কিছু নয়। কিন্তু সূর্যের তাপ ব্যবহার করে প্রাকৃতিক গ্যাসের জ্বালানিক্ষমতা আরও বেশি কার্যকর করা সম্ভব? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রিচল্যান্ডে জ্বালানি অধিদপ্তরের প্যাসিফিক নর্থওয়েস্ট ন্যাশনাল ল্যারেটরির গবেষকেরা বলছেন সম্ভব। এ পদ্ধতিতে প্রাকৃতিক গ্যাসের কার্যকারিতা কমপক্ষে ২৫ শতাংশ বাড়ানো যাবে। গবেষক দলের প্রধান রবার্ট ওয়েগেং বলছেন, এ বছরেই পদ্ধতিটি পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। যার মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ও গ্রিনহাউস গ্যাসের নির্গমন ২০ শতাংশ কমবে।নতুন এ পদ্ধতিটি কেমিকৌশল ও যন্ত্রকৌশলের সমন্বিত ব্যবস্থা। এ পদ্ধতিতে সূর্যের তাপ ব্যবহার করে প্রাকৃতিক গ্যাস ও পানির অণু রাসায়নিক উপায়ে ভাঙা হয়। আর এর মাধ্যমে সৌরশক্তিকে রাসায়নিকভাবে সংরক্ষণ করা হয়। এই প্রক্রিয়ায় পাওয়া মিশ্রণকে বলা হয় সংশ্লেষিত গ্যাস। এটি রাসায়নিক শিল্পের একটি প্রধান উপাদান। কিন্তু এটি তৈরির জন্য প্রয়োজনীয় জ্বালানির জোগান পাওয়া যেত প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে। প্যাসিফিক নর্থওয়েস্ট ন্যাশনাল ল্যাবরেটরির নকশা অনুসারে এখন থেকে এ শক্তির জোগান দেবে সূর্য। প্রাকৃতিক গ্যাসের দাম বেশি—এমন দেশে এ প্রযুক্তি বেশ সাশ্রয়ী হবে বলে আশা করছেন গবেষকেরা। তাঁরা বলছেন, এ প্রযুক্তির আরও উন্নয়ন ঘটানো যাবে। বৃহৎ আকারের উৎপাদনের ক্ষেত্রে খরচ কমে আসবে। নিউইয়র্ক টাইমস।