বিদ্যুৎ নেই পাকা সড়ক নেই, তবু পৌরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৭ নম্বর সদর ​ওয়ার্ডের মোহাম্মদপুর ও বড়ঝালা এলাকার দেড় শ পরিবার নড়বড়ে এই সাঁকো দিয়ে খাল পার হন। বর্ষাকালে খালের পানি বেড়ে গেলে ওই পথে বন্ধ হয়ে যায় যাতায়াত l প্রথম আলো
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৭ নম্বর সদর ​ওয়ার্ডের মোহাম্মদপুর ও বড়ঝালা এলাকার দেড় শ পরিবার নড়বড়ে এই সাঁকো দিয়ে খাল পার হন। বর্ষাকালে খালের পানি বেড়ে গেলে ওই পথে বন্ধ হয়ে যায় যাতায়াত l প্রথম আলো

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড। পাঁচ গ্রাম নিয়ে গঠিত এই ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বেশির ভাগ বাড়িতে বিদ্যুৎ নেই। চলাচলের একমাত্র সড়কটিও পাকা নয়, ইট বিছানো। ওয়ার্ডের মাঝখানে বয়ে যাওয়া ধিলয়া খাল পারাপারে নড়বড়ে সাঁকোই ভরসা। বাসিন্দাদের অভিযোগ, পৌরসভা বলতে তাঁদের ঘাড়ে চেপেছে করের বোঝা।
২০০২ সালে পৌরসভা ঘোষণা হলে বলিটিলা, চৌধুরীপাড়া, বড়ঝালা, মোহাম্মদপুর ও হাসপাতালপাড়া নিয়ে ৭ নম্বর ওয়ার্ডটি গঠিত হয়। বর্তমানে ভোটার রয়েছেন ১ হাজার ৩৮৫ জন।
সরেজমিনে মোহাম্মদপুর ও বড়ঝালায় দেখা গেছে, এই দুই গ্রামের কোনো বাড়িতে বিদ্যুৎ–সংযোগ নেই। সড়ক বলতে একটি সরু মেঠোপথ। তাতে আবার মাঝখানে শৌচাগারের ভাঙা পাইপের পানি গড়াচ্ছে। দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। সড়কটি পার হয়েই ধলিয়া খাল। খালের ওপর সেতু নেই। গাছ দিয়ে সাঁকো বানিয়ে লোকজন পার হচ্ছেন। অন্য তিনটি গ্রামেও রাস্তাঘাট বেহাল। অবশ্য এসব গ্রামের কিছু ঘরে বিদ্যুৎ–সংযোগ রয়েছে।
স্থানীয় লোকজন জানান, বর্ষার সময় সাঁকোটি দিয়ে পারাপার করা যায় না। তখন গ্রামের মানুষ বাঁশের ভেলা বানিয়ে জরুরি কাজে খাল পার হয়।
বড়ঝালা গ্রামের বাসিন্দা মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী কাকলী চাকমা জানায়, বর্ষায় খালে প্রবল স্রোত থাকে বলে তখন গ্রামের ছেলেমেয়েরা বিদ্যালয়ে যায় না। বড়ঝালা গ্রামে ৫১টি আদিবাসী পরিবারের বসবাস। গ্রামের মানুষ ১৯৬০ সালে কাপ্তাই বাঁধের কারণে উদ্বাস্তু হয়ে এখানে বসত গড়েছে।
গ্রামের বাসিন্দা নীল চন্দ্র চাকমা (৫০), কৃষ্ণ মোহন চাকমা (৬৫), কনিকা চাকমা (৫০) ও ববিতা চাকমা (৩৫) জানান, চলাচলের রাস্তাটি গ্রামবাসীর তৈরি। পৌরসভা কিছুই করেনি। এখন ধলিয়া খালে একটি সেতু হলে তাঁদের কষ্ট অর্ধেক কমে যেত।
মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. দুলাল মিয়া (৬০) ও মো. হারুন অর রশিদ (৩৫) বলেন, আমাদের এলাকায় ৯৬টি পরিবারের বসবাস। বছর বছর শুধু কর দিয়ে যাই, কিন্তু উন্নয়ন দেখি না। ধলিয়া খালে সেতু নেই। কোনো ঘরেই বিদ্যুৎ–সংযোগ নেই। ভোট এলে প্রার্থীদের দেখা মেলে। পরে আর তাঁদের খুঁজে পাওয়া যায় না। এ ব্যাপারে কথা হয় ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. আব্দুল মালেকের সঙ্গে। তিনি উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি। তিনি এবারও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, ‘ধলিয়া খালে সেতু করতে হলে অনেক টাকার প্রয়োজন। আমরা মেয়র, কাউন্সিলর বিরোধীদলীয় হওয়ায় সরকার থেকে তেমন বরাদ্দ পাইনি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে যে বরাদ্দ পাওয়া যায় তা দিয়ে এলাকার সব কাজ করা সম্ভব হয় না। তবুও পৌরসভায় আমি এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে প্রকল্প জমা দিয়েছি।’