ফটিকছড়ির শ্বেতছড়া গ্রাম। উপজেলা সদর থেকে দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। বসবাস ৭০ পরিবারের। পাহাড়ঘেঁষা এই গ্রামে এখনো বিদ্যুৎ পেঁৗছায়নি। অথচ পাশের নারায়ণহাট গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত।
নারায়ণহাট ইউনিয়নের শ্বেতছড়ার মতো ফটিকছড়ির আরও ৩০ গ্রামে বিদ্যুৎ নেই। এখানকার বাসিন্দার বিদ্যুৎ–সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ কার্যালয়ে বারবার ধরনা দিলেও কোনো ফল হয়নি।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ি জোনাল কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. নুরুল আলম ভূঁইয়া বলেন, ফটিকছড়ির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ–সংযোগ প্রদানের একটি পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।
সরেজমিন ঘুরে, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সঙ্গে আলাপে জানা যায়, উপজেলার বাগানবাজার ইউনিয়নের আঁধারমানিক, রসুলপুর, মোহাম্মদপুর, হাতির খেদা, আনসার টিলা, মতিননগর, উত্তর ফানুয়া, দক্ষিণ ফানুয়া, ভবানীপুর, রহমতপুর ও গজািরয়া, দাঁতমারা ইউনিয়নের বাংলাপাড়া, মুজিবনগর, শিকদারখীল, উত্তর বান্দারমারা, গিলাতী, এনায়েতপুর, ইসলামপুর, মুসলিমপুর, নতুনপাড়া, ধুলিয়াছড়ি, করইবাগান, বেডবেডি, ধর্মপুর ও কাঞ্চনারথলী এবং নারায়ণহাট ইউনিয়নের সাপমারা, মিরেরখিল, করলিয়া, হাঁপানিয়া, কুলালপাড়া, ধামারখীল ও চানপুর গ্রামে বিদ্যুৎ নেই।
বাগানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মুহাম্মদ শওকত করিম চৌধুরী (৩৪) বলেন, ‘দেশের বিভিন্ন জনপদ ডিজিটালে রূপান্তরিত হচ্ছে। অথচ আমরা বিদ্যুতের আলো পর্যন্ত পাইনি।’
দাঁতমারা ইউনিয়নের পশ্চিম পাতাছড়া গ্রামের মুহাম্মদ আবদুল খালেক (৪৪) বলেন, ‘প্রত্যন্ত অঞ্চল এবং অশিক্ষিত লোকজনের কারণে কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদনগুলো গুরুত্ব পায় না। নির্বাচনের মৌসুমে জনপ্রতিনিধিদের পদভারে এলাকাটি মুখরিত হয়। নির্বাচনের পরে তাঁদের আর দেখা মেলে না।’
নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সিকদার ও বাগানবাজার ইউপির চেয়ারম্যান রুস্তম আলী বলেন, এসব এলাকায় বিদ্যুতায়নের জন্য পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট দপ্তরে দীর্ঘদিন ধরে আবেদনপত্রগুলো নির্জীব হয়ে পড়ে আছে। দ্রুত বিদ্যুতায়ন হলে ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডে গতি আসবে।
এ প্রসঙ্গে স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের এসব এলাকায় জনবসতি ক্রেমই বাড়ছে। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি কলকারখানা স্থাপনে এখানে বিদ্যুতায়ন দরকার। বিষয়টি পল্লী বিদ্যুৎ বিভাগে জানানো হয়েছে।