বিদ্যুৎ পেল ফেনীর এক হাজার পরিবার
ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের এক হাজার পরিবার বিদ্যুৎ সংযোগ পেল। ১৭ জানুয়ারি পল্লী বিদ্যুতের এই সংযোগ চালু করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন।
জানা গেছে, দাগনভূঞার চন্দ্রপুর ইউনিয়নের ওমরাবাদ, ডেউলিয়া, বৈঠারপাড়, নয়নপুর, কেরনিয়া, দরাপপুর, প্রতাপপুর, পূর্ব চন্দ্রপুর ও গজারিয়া গ্রামের এক হাজার পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
এ উপলক্ষে ডেউলিয়ার স্থানীয় মাঠে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাহবুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (প্রকৌশল) শেখ নুরুল আবসার, দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান দিদারুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেন, বিদ্যুতের সার্বিক অবস্থা ভালো। বর্তমানে যে কাজ হচ্ছে তার সুফল পাওয়া যাবে আগামী দিনগুলোতে।
মঈন উদ্দিন বলেন আরও বলেন, অদূর ভবিষ্যতে দাগনভূঞায় শতভাগ বিদ্যুতায়ন করা হবে। পর্যায়ক্রমে ফেনীর সবগুলো উপজেলায় বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে।