বিদ্যুৎ বণ্টনে বৈষম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজিরহাট পৌরসভা এবং ফটিকছড়ির ছয়টি গ্রাম বিদ্যুৎ বণ্টনে বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফটিকছড়ি উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির দুটি উপকেন্দ্র থেকে ১০টি সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তার মধ্যে ফটিকছড়ি উপকেন্দ্রে ছয় ও আজাদী বাজার চারটি সঞ্চালন লাইন নিয়ন্ত্রণ করে। গ্রাহকদের অভিযোগ, ৫ নম্বর লাইনের আওতায় নাজিরহাট পৌরসভা, পূর্ব-সুয়াবিল, বৈদ্যারহাট, চুরখাঁহাট, উদালিয়া, পূর্ব-ফরহাদাবাদ ও দৌলতপুর গ্রামে বিদ্যুৎ সরবরাহে চরম বৈষম্য করা হয়।
এলাকাবাসী জানান, পৌরসভার ৫ নম্বর সঞ্চালন লাইনের আওতায় উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্যকেন্দ্র, খাদ্যগুদাম, রেলস্টেশন, কলেজ, সাতটি মাদ্রাসা, ১০টি উচ্চবিদ্যালয়, ছয়টি কিন্ডারগার্টেন, চা-বাগান এবং অন্তত ১০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এসব স্থাপনাকে এড়িয়ে অন্যান্য সঞ্চালন লাইনে বেশি বিদ্যুৎ দেওয়া হচ্ছে। এই সঞ্চালন লাইনের অধীনে প্রায় পাঁচ হাজার গ্রাহক রয়েছে। এখানে বেশির ভাগ কলকারখানা হওয়ায় বিদ্যুৎ বিলের বিপরীতে রাজস্ব আদায়ও হয় বেশি।
তবে এই অভিযোগ অস্বীকার করে ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম). ফকরুল ইসলাম বলেন, ‘নাজিরহাট সঞ্চালন লাইনে কম বিদ্যুৎ দেওয়ার কথা ঠিক নয়। আগে বেশিৎ লোড ছিল, তাই গ্রাহকেরা কিছুটা কম বিদ্যুৎ পেতেন। আর এখন ওই সঞ্চালন লাইনের লোড কমানো হয়েছে, ফলে বেড়েছে বিদ্যুৎ সরবরাহও।’ সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী বলেন, ‘প্রায় ১০ বছর ধরে ৫ নম্বর সঞ্চালন লাইনটিতে অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। অথচ পাশের হাটহাজারী ও রাউজান উপজেলায় সাধারণত লোডশেডিং করা হয় না বললেই চলে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘লোডশেডিংয়ের কারণে রোগীদের সেবা দেওয়া অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। গাইনি বিভাগে মোমবাতি জ্বালিয়ে প্রসূতিসেবা চালাতে হয়। তিনি আক্ষেপ করে বলেন, এখানে দিনে পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না।’
উদালিয়া চা-বাগানের ব্যবস্থাপক শাহাব উল্লাহ সরকার বলেন, ‘উপজেলার ১৭ চা-বাগানের মধ্যে এ লাইনের আওতায় এটি। কিন্তু দিনে-রাতে লাইনটি অধিকাংশ সময় বন্ধ রাখা হয়। ফলে চা উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে।’
পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক (জিএম) মিজানুর রহমান বলেন, ‘একদিকে জাতীয় গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায় না। অন্যদিকে বরাদ্দের অভাবে ওই লাইনটিতে অনেক সময় বিদ্যুৎ কম সরবরাহ করা হয়। তবে বৈষম্য করা হয় না। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।’
নাজিরহাট উপকেন্দ্রের প্রকৌশলী সুকেন্দ্র নাথ সরকার প্রথম আলোকে বলেন, ‘৫ নম্বর সঞ্চালন লাইনটিতে বিদ্যুৎ বিতরণে স্বেচ্ছাচারিতার বিষয়টি নিয়ে বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। কিন্তু বিদ্যুৎ ঘাটতি থাকায় সমস্যার সমাধান আদৌ হয়নি।’