বিদ্যুৎ বিভ্রাট!
তখন ক্লাস সিক্সে পড়ি। সবে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে মাধ্যমিকে প্রবেশ করেছি। দৈনিক সাইকেল চালিয়ে দুই কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়ে স্কুলে যাই। নিজেকে বেশ বড় বড় মনে হতে লাগল। দেখতে দেখতে প্রথম সাময়িক পরীক্ষা এসে গেল। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার দিন পড়লাম মহা ঝামেলায়। কারণ, প্রশ্নপত্রে চিঠি ও আবেদনপত্র উভয়ই এসেছে সিলেবাসের বাইরে থেকে এবং যা এসেছে তা আগে কোনো দিন পড়িনি। হাতে বেশি সময় নেই, তাই আবেদনপত্রটি লিখব বলে ঠিক করলাম। প্রশ্নটি ছিল এ রকম, ‘তোমার এলাকার বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চেয়ে প্রধান প্রকৌশলীর নিকট একটি আবেদনপত্র লেখো।’ ‘বিদ্যুৎ বিভ্রাট’ শব্দটি তখন আমার কাছে একটি সম্পূর্ণ অপরিচিত শব্দ (যদিও লোডশেডিং শব্দটি তখন খুব ভালোভাবেই চিনি)। আমি তখন বিদ্যুৎ বিভ্রাট শব্দটিকে বিদ্যুৎ লাইনের ট্রান্সমিটার বা এ-জাতীয় কোনো যন্ত্র বলে মনস্থ করলাম। তাই পরীক্ষার খাতায় আমার লিখিত আবেদনপত্রটির দুই-তিনটি বাক্য হলো এ রকম, ‘জনাব, আমি যশোর জেলার অন্তর্গত অমুক উপজেলার তমুক গ্রামের অধিবাসী। কিন্তু আমাদের গ্রামের বিদ্যুৎ বিভ্রাটটি কয়েক দিন যাবৎ নষ্ট হয়ে পড়ে আছে। তাই গ্রামের বিদ্যুৎ সংযোগ আপাতত বন্ধ আছে। ফলে গ্রামের বিপুলসংখ্যক ছাত্রছাত্রীর পড়াশোনার খুবই ক্ষতি সাধিত হচ্ছে। তাই জনাবের নিকট আমার নিবেদন, আশু আমাদের গ্রামের বিদ্যুৎ বিভ্রাটটি মেরামতপূর্বক বাধিত করবেন।’ পরীক্ষার খাতায় এহেন উত্তর লেখার যে পার্শ্বপ্রতিক্রিয়া (সাইড এফেক্ট) খাতা দেওয়ার সময় ঘটেছিল, তা আর নাই বা উল্লেখ করলাম। অভি বিশ্বাসঅর্থনীতি বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়।