বিদ্যুৎ বিলে ভর্তুকি পাচ্ছেন না ফটিকছড়ির কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোরো মৌসুমে সেচকাজে কৃষকদের জন্য দেওয়া বিদ্যুৎ বিলের ২০ শতাংশ ভর্তুকির সুবিধা পান না ফটিকছড়ি উপজেলার কৃষকেরা। ভর্তুকির পুরো সুবিধা ভোগ করছেন নলকূপের মালিকেরা। বোরো চাষে উৎপাদন খরচ কমাতে সরকার এই ভর্তুকি দিলেও নলকূপের মালিকেরা কৃষকদের এতটুকু ছাড় দিচ্ছেন না। এমনকি অনেক কৃষক এ ভর্তুকির ব্যাপারটি জানেনও না।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ি সদর কার্যালয় সূত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলায় গভীর-অগভীর মিলিয়ে বিদ্যুতে চালিত নলকূপ রয়েছে ২০৭টি। কৃষি বিভাগ জানায়, এসব নলকূপের মাধ্যমে সেচসুবিধা নিয়ে উপজেলার কৃষকেরা এ বছর ৮ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো চাষ করেছেন।
দৌলতপুর গ্রামের কৃষক আফজাল হোসেন জানান, তিনি এবার দুই একর জমিতে বোরো চাষ করেছেন। কিন্তু সেচ বাবদ সরকারের দেওয়া বিদ্যুৎ বিলের ২০ শতাংশ ভর্তুকি তিনি পাচ্ছেন না। নলকুপের মালিককে একর ্রতি ২ হাজার ৫০০ টাকা অগ্রিম দিতে হয়েছে।
রোসাংগিরী গ্রামের কৃষক আলী আকবর বলেন, ‘পাম্পের পানি দিয়ে বোরো ধান চাষ করলে সরকার যে ভর্তুকি দেয়, এ কথা আমরা জানি না। এই প্রথম শুনলাম।’
হারুয়ালছড়ি গ্রামের কৃষক একরামুল হক বলেন, টাকা না দিলে পাম্পের মালিকেরা জমিতে পানি দিতে চান না। ভর্তুকির কথা বললে তাঁরা লিখিত কাগজ চান। উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কান্তি চৌধুরী বলেন, ‘কৃষি বিভাগ থেকেও ভর্তুকি আদায় করার জন্য কৃষকদের সচেতন করা হচ্ছে। নলকূপের মালিকেরা কখনোই কৃষকদের ভর্তুকির সুবিধা দেন না বলে অভিযোগ পেয়েছি।’
লেলাং গ্রামের সেচ পাম্প মালিক আবদুর রহমান জানান, কৃষকদের বাকিতে বা অর্ধেক দামে বোরো খেতে সেচসুবিধা দিতে হয়। বেশির ভাগ কৃষক বোরো ধান কেটে টাকা পরিশোধ করেন। বাকি টাকা তুলতে অনেক হয়রানি হতে হয়। তাই ভর্তুকির টাকা ছাড় দেওয়া হয় না।
চট্টগ্রাম পলী বিদ্যুৎ সমিতি-২ ফটিকছড়ি সদর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. গিয়াস উদ্দিন বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের কিছুই করার নেই। কৃষকদের উচিত সেচপাম্প মালিকদের কাছ থেকে ভর্ভুকির টাকা আদায় করে নেওয়া।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।