‘গরমে রাতে ঘুমোতে পারি না। অনেক সময় বসেই রাত কাটিয়ে দিই। হারিকেনের আলোয় পড়তে হয়, পানির কষ্টও লেগে আছে।’ কাতর কণ্ঠে কথাগুলো বলছিল খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কাঁঠালতলী আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র কপেন্দ্র ত্রিপুরা। খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যালয়টিতে বর্তমানে ১০০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। বিদ্যালয়ের শ্রেণী কক্ষ, খাবার কক্ষ ও থাকার কক্ষে রয়েছে বৈদ্যুতিক পাখা ও বাতি। তবে নেই শুধু বিদ্যুৎ-সংযোগ। জানা যায়, বিদ্যালয়টিতে ১৯৯৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্থায়ীভাবে ভারত প্রত্যাগত শরণার্থীরা বসবাস করছিলেন। সেই সময়ের বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ বিভাগ। বকেয়া পরিশোধ না করায় নতুন করে বিদ্যুৎ-সংযোগ দিচ্ছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। ফলে ভেপসা গরমে টিনের ঘরে শিক্ষার্থীরা রাত কাটাতে বাধ্য হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালয়টিতে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থীদের অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনের পর ১৯৯৮ সালের ২ আগস্ট থেকে খাগড়াছড়ির জেলা প্রশাসকের অনুরোধে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। ২০০৭ সালে আশ্রয়কেন্দ্র থেকে শরণার্থীদের সরিয়ে অন্য জায়গায় পুনর্বাসন করা হয়। ওই সময়ের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দাঁড়ায় সুদে-আসলে ৪৭ লাখ টাকা। এর মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় কিছু টাকা পরিশোধ করার পরও বর্তমানে বকেয়া রয়েছে ২৬ লাখ ৫৬ হাজার ৭৪০ টাকা। বকেয়া বিল পরিশোধের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ পর্যন্ত নয় দফা চিঠি দিলেও কোনো কাজ হয়নি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দীঘিনালা উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, ‘আমরা বার বার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে বিল পরিশোধের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে পত্র দিচ্ছি। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর বিল পরিশোধ না হওয়া পর্যন্ত আমরাও বিদ্যালয়টিতে নতুন করে সংযোগ দিতে পারছি না।’ বিদ্যালয়ের শিক্ষার্থী স্বাগতম চাকমা, মামুন মিয়া, সুমি বালা রায়, কাঞ্চন ত্রিপুরাসহ অনেকে অভিযোগের সুরে বলল, ‘বিদ্যুৎ না থাকায় আমরা টিভি দেখতে পারি না, আনন্দ করতে পারি না। প্রচণ্ড গরমের মধ্যে টিনের এই বন্ধ ঘরে থাকতে আমাদের কষ্ট হয়।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তত্ত্বাবধায়ক রুপম কান্তি চাকমা বলেন, ‘শিক্ষার্থীরা তো ছোট মানুষ। বিদ্যুৎ না থাকায় আমাদের ভোগান্তিও কম নয়। আমি বিদ্যুৎ-সংযোগের জন্য বার বার কর্তৃপক্ষের মাধ্যমে চেষ্টা চালাচ্ছি।’ অন্ততপক্ষে শিক্ষার্থীদের দুর্দশার কথা বিবেচনা করে অস্থায়ী ভিত্তিতে হলেও সংযোগ দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।